২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বার্ড ফ্লু, ১৫ হাজার মুরগি নিধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা গ্রামে বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ১৫ হাজার মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 06:16 PM

Updated : 24 Aug 2022, 07:05 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারলসুরিচালা গ্রামে বার্ড ফ্লু আক্রান্ত প্রায় ১৫ হাজার মুরগি নিধন করা হয়েছে। গ্রামের সৈয়দ মোহর আলী ফকিরের মুরগি খামারে বৃহস্পতিবার রাতে এসব মুরগি নিধন করা হয় বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টা থেকে নিধন কাজ শুরু করে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শেষ হয়। এ সময় খামারের ১৪ হাজার ৮১১টি লেয়ার মুরগি নিধন ও ২৪ হাজার ৫৮৩টি ডিম ধ্বংস করা হয়। ডা. মেজবাহ উদ্দিন জানান, এ সময় গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তাহের শেখ, এডিশনাল ভেটেরিনারি সাজর্ন ডা. সিরাজুল ইসলাম ও গাজীপুর সদরের ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল জলিল উপস্থিত ছিলেন। সরকার প্রতি মুরগির জন্য ৯০ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলেও তিনি জানান। নিধন করা মুরগির মূল্য প্রায় ৫১ লাখ ৮৩ হাজার ৮৫০টাকা এবং ডিমের মূল্য এক লাখ ৪৭ হাজার ৫৭৬ টাকা বলে খামার মালিক মোহর আলী ফকির জানান। তিনি বলেন, ৩/৪ দিন আগে খামারে প্রথম মুরগি মরতে শুরু করে। প্রতিদিনই কয়েকটি করে মরতে থাকলে কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকার কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষায় বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর মুরগি নিধনের সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০০২ ঘ.