২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী' নিহত

মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনা এবং আদালতের অসন্তোষের মধ্যেই কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরেক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 05:55 AM

Updated : 24 Aug 2022, 07:02 PM

কুষ্টিয়া, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত সমালোচনা এবং আদালতের অসন্তোষের মধ্যেই কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরেক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে নিহত সাইদুল ইসলাম (৪০) চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামে ভোর ৫টার দিকে র‌্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাইদুল নিহত হয়। তিনি বলেন, "অঞ্জনগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাব-১২ এবং মিরপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। ওই সময় চরমপন্থীরা গুলি ছুড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়।" 'বন্দুকযুদ্ধ'র এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে সাইদুলের লাশ পাওয়া যায়। এলাকাবাসী লাশ সনাক্ত করে বলে র‌্যাব জানিয়েছে। সাইদুলের বাড়ি মিরপুরের আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের ছয়আনী পাড়ার। পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি, হাতে তৈরি তিনটি বোমা উদ্ধার করা হয়। এএসপি কামাল জানান, সাইদুলের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যার অভিযোগে তিনটিসহ সাতটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫০ ঘ.