ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম জিকুকে সোমবার সন্ধ্যা ৭টায় মীরপুর মুক্তিযোদ্ধা কবরাস্থানে দাফন করা হয়েছে।
দাফনের আগে পুলিশের চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বিএনপির শাহজাহান সিরাজ, জাসদের আ স ম আবদুর রব, হাসানুল হক ইনুসহ মরহুমের আত্বীয়স্বজন উপস্থিত ছিলেন।
সকালে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের জাসদ (রব) কার্যালয়ের সামনে দ্বিতীয়, বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় এবং সংসদ ভবনের দক্ষিন প্লাজায় সর্বশেষ নামাজা জানাজা অনুষ্ঠিত হয়।
জাসদ (ইনু) দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী শুক্রবার বাদ আসর মরুহমের পুরান ঢাকার 'বুড়িগঙ্গা ভবন'-এ কুলখানি অনুষ্ঠিত হবে।
এর আগে জাসদের দুইটি কার্যালয়ে জিকুর কফিন এসে পৌঁছালে শেষ শ্রদ্ধা জানান তার বর্তমান-অতীতের রাজনৈতিক সহকর্মীরা।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিকু রোববার মারা যান। তার বয়স হয়েছিলো ৭২ বছর।
সোমবার দুপুরে জিকুর কফিন রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ'র মাজারের কাছে জেএসডি এবং জাসদ (ইনু) কার্যালয়ে রাখা হয়। সেখানে নেতা-কর্মীরা তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
জেএসডি কার্যালয়ে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান জাসদের সাবেক সভাপতি আসম আব্দুর রব, মালেক রতন প্রমুখ। সেখানে একটি জানাজা হয়।
এরপর জিপিও'র সামনে জাসদ কার্যালয়ে কফিন নেওয়া হলে সেখানে ফুল দেন জিকুর এক সময়ের রাজনৈতিক সহকর্মী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, বিএনপির মনিরুল হক চৌধুরী, আওয়ামী লীগের মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
হাসানুল হক ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিকু ভাই কখনো নীতির সঙ্গে আপস করেননি। '৭২ সালের জাসদ গঠনে তার অবদান অনেক।"
এরপর বায়তুল মোকাররম মসজিদে জিকুর একটি জানাজা হয়। এতে জাসদ নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা অংশ নেয়।
সংসদ ভবনের দক্ষিন প্লাজায় সর্বশেষ জানাজায় ডেপুটি স্পিকার শওকত আলীসহ বর্তমান ও সাবেক সাংসদ ও রাজনীতিকরা অংশ নেন।
জিকুর ছেলে সাইফুল ইসলাম কনক পুরো সময়টা বাবার কফিনের পাশে ছিলেন। জিকু দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএম/এমআই/পিডি/২০০৬ ঘ.
bdnews24