মানিকগঞ্জ, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে এখনো জঙ্গি আছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
'জঙ্গি নির্মূল' করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ইতিমধ্যে চারশ ৭৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই টাকায় প্রতিটি থানায় দুইটি পিকআপ ও দুইটি মোটরসাইকেল দেওয়া হবে।"
স্থানভেদে থানায় দুইটি করে স্পিডবোটও দেওয়া হবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আবারো দাবি করেন, ২০০১ সালের তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/১৮৫৪ ঘ.
bdnews24