ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিভিন্ন সরকারের আমলে মন্ত্রী-এমপিদের সঙ্গে বিরোধে জড়িয়ে আলোচিত যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল তার মালিকানাধীন বিপণীবিতান ভাঙা নিয়ে দৃশ্যত অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, এর বিচার তিনি আল্লাহর কাছে চান।
বুধবার সাংবাদিকদের তিনি বলেন, "তারা (রাজউক) এ অংশটি (যমুনা ফিউচার পার্কের বর্ধিত ভবনের অংশ) ভেঙে দিতে পারে। আপনারা দেখছেন। আল্লাহও দেখছেন। তিনি এর বিচার করবেন।"
রাজধানীর ৯৫ ভাগ বাড়ির ছাদের ওপরে ২/১টি ঘর এমনিতেই আছে দাবি করে বাবুল বলেন, "রাজউকের নকশার অনুমোদন ছাড়া পাঁচ হাজারের ওপর এরকম বর্ধিত অংশ আছে। কিন্তু সেগুলো না ভেঙে আমারটি শুধু কেনো ভাঙা হচ্ছে?"
রাজধানীর বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভেঙে ফেলতে রাজউকের কার্যক্রম অবৈধ দাবি করে যমুনা ফিউচার পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বাবুল বলেন, "বিভিন্ন সংবাদ মাধ্যমে যমুনা ফিউচার পার্কের ওপরের চারতলা ভাঙা হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু আসলে শুধুমাত্র লবি অংশের ওপর চারতলা অফিস ভবন নির্মিত হয়েছে যা পুরো কমপ্লেক্সের মাত্র ৫ দশমিক ৯ ভাগ। কমপ্লেক্সটির বাকি অংশে এর কোনো প্রভাব নেই। যমুনা ফিউচার পার্কের বিষয়ে আইনগত কোনো সমস্যাও নেই।"
নুরুল ইসলাম দাবি করেন, যথাযথ নোটিশ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন না করেই রাজউক এই বর্ধিত অংশটি ভাঙা শুরু করেছে।
তিনি বলেন, "নোটিশ পাবার পরে ৩০ দিন সময় দেওয়ার কথা। এছাড়া আমাকে কারণ দর্শানো নোটিশও দেওয়ার কথা। কিন্তু তার কোনোটিই দেওয়া হয়নি। তাছাড়া রাজউকের নগর উন্নয়ন বিভাগে এ সংক্রান্ত আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।"
এর আগে বাবুল বলেছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ব্যক্তিগত আক্রোশ থেকে ভবন ভাঙার উদ্যোগ নিয়েছেন।
বর্ধিত অংশ ভাঙার কারণে নিচের তলাগুলোর ক্ষতি হবে দাবি করে যমুনা গ্রুপে চেয়ারম্যান বলেন, "তাহলে এর ক্ষতিপূরণ কে দেবে? ক্ষতিপূরণ তো কাউকে অবশ্যই দিতে হবে।"
তিনি বলেন, "আইনের হাত অনেক লম্বা। এই দেশে ৩৪ বছর পরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আইন কিন্তু কখনো তামাদি হয়ে যাবে না।"
বাংলা দৈনিক যুগান্তর পত্রিকার মালিক বাবুল স্থাপনাটি রক্ষা করতে রাজউকের বিধিবিধান অনুযায়ী একটি জরিমানা ধার্য করে সংশোধিত নকশাটি অনুমোদনের দাবি জানান।
এর আগে নিজের পত্রিকায় আইন প্রতিমন্ত্রীর কথিত দুর্নীতির সংবাদ ছেপে ওই মন্ত্রীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন বাবুল। পরে সরকারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের পরিণতিতে বন প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করে পত্রিকাটি।
বিগত বিএনপি-জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বাবুলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২০৪০ ঘ.
bdnews24