২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার চরে থাই রাজকুমারী

থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধরন মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 06:23 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

গাইবান্ধা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধরন মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা পৌঁছেছেন। ফুলছড়ি উপজেলার রসুলপুর গ্রামের ব্রহ্মপুত্র নদের চরে তার জন্য একটি দৃষ্টিনন্দন গ্রামীণ পরিবেশে সফরসঙ্গীসহ তিনি দু'রাত থাকবেন। ওই গ্রামে রয়েছে আধুনিক জীবনযাপনের সব সুযোগ সুবিধা। রাজকন্যা ব্রহ্মপুত্র নদের বালাসির চরে পৌঁছেন মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায়। সেখান থেকে নৌকায় ১৫ মিনিটে নদীর ওপারে যান তার জন্য নির্মিত সেই মনোহর গ্রামে। বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান 'জীবিতা বাংলাদেশ'র আমন্ত্রণে তিনি এদেশে আসনে। এখানে তিনি সফর সঙ্গীসহ রাত্রযাপন করবেন বলে জীবিতা বাংলাদেশ'র প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জব্বার জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর আসার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণে তা বাতিল করে সড়ক পথে ঢাকা থেকে গাইবান্ধা শহর হয়ে ব্রহ্মপুত্রের চরের বালাসিঘাট আসেন। এ কারণে পূর্বনির্ধারিত তার মঙ্গলবারের সকল কর্মসূচি বাতিল করা হয়। বালাসিঘাটে থাই রাজকন্যাকে স্বাগত জানান- গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বী মিয়া, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাদাত হোসেনসহ জীবিতার লোকজন। বালাসিঘাট থেকে সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজকন্যা নৌকায় নদী পার হয়ে অপর পারে তার জন্য নির্মিত ছবির মতো গ্রামটিতে পৌঁছেন। এ সময় থাই রাজকন্যা সিরিনধরন সাংবাদিকদের বলেন, "এখানকার মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।" তার জন্য নির্মিত গ্রামে আছে ৩৫টি কুঁড়েঘর। সেখানে রয়েছে প্রাত্যাহিক জীবনযাপনের আধুনিক সব সুবিধা। প্রতিটি ঘরে রয়েছে বাঁশের তৈরি ড্রেসিং টেবিল, খাট, বইয়ের তাক, কলমদানি, হ্যাঙ্গার, ওয়েস্টেস বাক্স। প্রতিটি ঘরেই রয়েছে টয়লেট ও বেসিন। গোসলখানায় রয়েছে ঝরনা, কমোড ও অন্যান্য সামগ্রী। বিদ্যুৎ সরবরাহের জন্য এখানে ২৬ মেগাওয়াট ক্ষমতার একটি জেনারেটর বসানো হয়েছে। পাশাপাশি ব্যবস্থা রয়েছে সৌর বিদ্যুৎ সরবরাহেরও। ঘরগুলো ছনের চালা ও বাঁশের চাটাইয়ের বেড়া দিয়ে তৈরি। গ্রামটির মাঝামাঝি রয়েছে গোলাকৃতির বৈঠকখানা। এর পাশে খাবারঘর, রান্নাঘর, হস্তশিল্প, পিঠাঘর, গোয়ালঘর ও নকশিকাঁথার প্রদর্শনী ঘর। গ্রামটি তৈরি করতে গাইবান্ধার রসুলপুর গ্রামের কৃষকদের কাছ থেকে বালুচরের প্রায় ৩০ বিঘা জমি এক বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে। প্রতিবিঘা দুই হাজার টাকা। পলিমাটি দিয়ে বালুর স্তর ঢেকে দেওয়া হয়েছে। লাগানো হয়েছে ঘাস ও সুদৃশ্য ফুলের বাগান। আবহমান গ্রাম বাংলার পরিবেশ গড়ে তুলতে বাঁশের মাচায় লাউ, শিম ও বিভিন্ন সবজি ক্ষেত গড়ে তোলা হয়েছে। বারান্দায় খেজুর পাতার তৈরি নকশি পাটি, টাঙ্গানো হয়েছে হারিকেন ও পাটের তৈরি নকশি শিকা। শিকায় ঝুলানো রয়েছে নানা গ্রামীণ কারুশিল্প। ঢাকার 'সিন অফ সিন' নামে একটি প্রতিষ্ঠান গ্রামটি সাজানোর দায়িত্ব পেয়েছিল। ঢাকা, বরিশাল, পটুয়াখালীসহ বিভিন্ন এলাকা থেকে কুটির শিল্পীদের এনে এসব কাজ করা হয়েছে। 'সিন অফ সিন' এর কর্মকর্তা রাসেল বিন রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এর পরিকল্পনার দায়িত্ব পালন করেন। দূর থেকে কুঁড়েঘর মনে হলেও ভিতরে তিন তারকা হোটেলের সুযোগ সুবিধা রাখা হয়েছে।" অতিথিদের খাবার তৈরির জন্য দক্ষ বাবুর্চি নিয়োগ করা হয়েছে। বাঙ্গালি খাবারসহ সব ধরনের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থাও রয়েছে। জীবিতা বাংলাদেশ গাইবান্ধা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জোব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেল্থ এর হেলথ উপদেষ্টা বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান 'জীবিতা বাংলাদেশ'র মাতৃ-শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক একাধিক গবেষণা প্রকল্প পরিদর্শনে রাজকন্যা গাইবান্ধায় আরেন। জীবিতা বাংলাদেশ ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত গাইবান্ধা ও রংপুর জেলার ১৯টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে। থাই রাজকন্যা মাহা চাকরি সিরিনধরন হেলথ অ্যাডভাইজরি বোর্ডের অন্যতম সদস্য। ৩৫ সদস্যের উপদেষ্টা দলের সঙ্গে পাঁচদিনের সফরে তিনি বাংলাদেশে আসেন। জীবিতা বাংলাদেশের বিভিন্ন প্রকল্প পরিদর্শন ছাড়াও গাইবান্ধার চরাঞ্চলের মানুষের জীবন ও গ্রামীণ সংস্কৃতি সম্পর্কেও জানতে তিনি এ জেলায় দু'দিন থাকবেন। গাইবান্ধার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, রাজকুমারী ও জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় গবেষকদের সঙ্গে যোগ দিতে ১৭ ফেব্র"য়ারি সকালে গাইবান্ধা আসবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি। তিনিও ওই চরে একরাত থাকবেন। দীপুমনি জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মাইকেল ক্লাগের এক সময়কার ছাত্রী ছিলেন বলেও তিনি জানান। রাজকুমারী ও সফর সঙ্গীদের এদেশীয় খাবারের পাশাপাশি তাদের পছন্দমতো খাবার পরিবেশন এবং বিভিন্ন প্রকল্প পরিদর্শনসহ চরাঞ্চলে যাতায়াতে পরিবহন ব্যবস্থার দায়িত্ব নিয়েছে ঢাকার 'গাইড ট্যুরস' নামের একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার তিনি থেকে ঢাকার উদ্দেশে গাইবান্ধা ছাড়বেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ্ টিম এবং হেলথ্ এ্যাডভাইজরি বোর্ডের ৩৪ জন সদস্য, বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত চেলামপল থানচিট ও তার স্ত্রীসহ ৪৮ জন। ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ্ টিম এবং হেলথ্ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন- জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মাইকেল ক্লাগ, এডি ব্রাউন, সিলভিয়া ব্রাউন, কল্পটান্স কমপ্লান, রাংগসিরি চোজিট, ড. পারুল ক্রিসচিয়ান, ক্যাথেরিন ডোরিয়ার, জেফ্ ডাবনাউ, স্টেসি ডাবনাউ, ম্যানফ্রেড এগারডোরফার, মরিয়া এগারডোরফার, ড. ওয়াসানটুইসটি এমোরন, মনিক ফরবেস ডিকারসন, মারগারেট হিমেলফার্রব, রিচার্ড হিমেলফার্রব, এলিজাবেথ হারউইচ, ড. ফ্রাংক হারলে, ক্যাথেরিন হারলে, পিবুলনাকরিটার কুনিং আরিয়া, ড. রউফ্ ব্লেম, টুনটিসিরিন ক্রাইসিড, ড. এলাইন লাবরিক, এডওয়ার্ড লাডউইগ, ক্যাথেলিন লাডউইগ, সুচেতা মেহরা, ড. অশোক আগারওয়াল, লাকি মেওনি, আশাভারিভরুল হাকরন প্রাপোদ, পল সেইফারট, ড. আলফ্রেড সোমার, মিসেস. জিল সোমার, ড. ক্যাথি ওয়েস্ট, ড. জেমস্ এগার ও ড. জনি জারলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.