ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবহন মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে পরিবহন মালিক ও শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।
রাত ৭টার দিকে মহাসড়কের ঘাটুরা ও কাউতলী এলাকায় এলোপাতাড়ি গাড়ি রেখে তারা অবরোধ সৃষ্টি করে। এ কারণে মহাসড়কের উভয়পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
রাত ১০টা পর্যন্ত অবরোধ চলছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান।
হামলার প্রতিবাদে পরিবহন মালিকরা আগামীকাল ভোর থেকে অভ্যন্তরীণ আটটি রুটসহ বিভিন্ন দূরপাল্লার রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক লীগের নামে একটি চক্র দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছে।
এতে বাধা দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের টিএ রোডে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়।
এর প্রতিবাদে পরিবহন শ্রমিক ও মালিকরা বৈঠক করে দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বলে তিনি জানান।
পরিবহন মালিক সমিতির নেতা বলেন, আগামীকাল ভোর ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে। ঢাকা-সিলেট মহাসড়কেও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সঞ্জয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা চলছে। মীমাংসা হলে পরে জানাতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২০৮ ঘ.
bdnews24