২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় থাই রাজকুমারী

চরের জীবনযাপন ও গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে জানতে থাই রাজকুমারী মাহা চাকরি সিরিনধরন মঙ্গলবার দু'দিনের সফরে গাইবান্ধা আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 05:05 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

গাইবান্ধা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরের জীবনযাপন ও গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে জানতে থাই রাজকুমারী মাহা চাকরি সিরিনধরন মঙ্গলবার দু'দিনের সফরে গাইবান্ধা আসছেন। 'জীবিতা বাংলাদেশ' নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার আমন্ত্রণে দু'দিনের এ সফরকালে রাজকুমারী ব্রহ্মপুত্র নদের বেলের চরে বিশেষভাবে নির্মিত রিসোর্টে অবস্থান করবেন। এখানে তার জন্য নির্মাণ করা হয়েছে ৩৫টি কুঁড়েঘর, একটি বৈঠকখানা, একটি গোয়ালঘরসহ ছন, ঘর ও বাঁশের তৈরি একটি রিসোর্ট। এ সময় তিনি জীবিতা বাংলাদেশ'র বিভিন্ন প্রকল্প পরিদর্শন, চরের মানুষের জীবন ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন। তার সঙ্গে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ্ টিম এবং হেলথ্ অ্যাডভাইজরি বোর্ডের ৩৪ জন সদস্য। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জিএমজি এয়ারলাইন্স'র একটি ভাড়া করা বিমানে তারা নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর নামবেন। সেখান থেকে জীবিতা বাংলাদেশ'র রংপুর কার্যালয়ে দুপুরের খাবারের পর জেলার তাজহাট ও মাহিগঞ্জে সংস্থাটির প্রকল্পগুলো দেখবেন। এরপর দুপুর ২টায় রংপুর ও গাইবান্ধার সীমান্ত এলাকা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার হাসানগঞ্জে গাইবান্ধার জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাদৎ হোসেনসহ স্থানীয় জীবিতা বাংলাদেশ'র কর্মকর্তারা সফরকারী দলকে স্বাগত জানাবেন। সেখান থেকে রাজকুমারী সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতিরজান প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কুমারপাড়া এবং বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামে জীবিতার প্রকল্প পরিদর্শন করবেন। বিকাল সাড়ে ৪টায় তারা ফুলছড়ি উপজেলার বালাসীঘাট পৌঁছবেন। সেখান থেকে তাকে নৌকায় করে ব্রহ্মপুত্র নদের অপরপাড়ে বেলের চরে নির্মিত রিসোর্টে নিয়ে যাওয়া হবে। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, রাজকুমারী ও জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় গবেষকদের সাথে ওই চরে থাকতে ১৭ ফেব্রুয়ারি সকালে আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেনে গাইবান্ধা আসবেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী দীপুমনি। দীপুমনি জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মাইকেল ক্লাগের এক ছাত্রী ছিলেন বলে জেলা প্রশাসক জানান। রাজকুমারী ও তার সফরসঙ্গীদের এদেশীয় খাবারের পাশাপাশি তাদের পছন্দমতো খাবার পরিবেশন এবং বিভিন্ন প্রকল্প পরিদর্শনসহ চরাঞ্চলে যাতায়াতে পরিবহন ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন ঢাকার গাইড ট্যুরস নামের একটি প্রতিষ্ঠান। চরে কুঁড়েঘরের গ্রামটি নির্মাণ করেছে 'সিন অফ সিন' নামের একটি প্রতিষ্ঠান। এ কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তাদের সহায়তা করেছেন বলে জানান সিন অফ সিন'র কর্মকর্তা রাসেল বিন রিপন। জীবিতা বাংলাদেশ'র গাইবান্ধা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সফরকারী দলসহ রাজকুমারী দু'দিন চরের এই রিসোর্টে থাকবেন। এখানে তিনি জীবিতা বাংলাদশ'র মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক কার্যক্রম পরিদর্শন করবেন। রিসোর্টে রাজকন্যার জন্য তিন তারকা হোটেলের সুযোগ সুবিধা রয়েছে বলেও জানান আব্দুল জব্বার। বৃহস্পতিবার তারা ফিরে যাবেন বলে তিনি জানান। রাজকুমারীর সফরসঙ্গীদের সবাই যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ্ টিম এবং হেলথ্ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যদের সদস্য। এরা হলেন- জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মাইকেল ক্লাগ, এডি ব্রাউন, সিলভিয়া ব্রাউন, কল্পটান্স কমপ্লান, রাংগসিরি চোজিট, ড. পারুল ক্রিশ্চিয়ান, ক্যাথেরিন ডোরিয়ার, জেফ্ ডাবনাউ, স্টেসি ডাবনাউ, ম্যানফ্রেড এগারডোরফার, মরিয়া এগারডোরফার, ড. ওয়াসানটুইসটি এমোরন, মনিক ফরবেস ডিকারসন, মারগারেট হিমেলফারব, রিচার্ড হিমেলফারব, এলিজাবেথ হারউইচ, ড. ফ্রাংক হারলে, ক্যাথেরিন হারলে, পিবুলনাকরিটার কুনিং আরিয়া, ড. রউফ্ ব্লেম, টুনটিসিরিন ক্রাইসিড, ড. এলাইন লাবরিক, এডওয়ার্ড লাডউইগ, ক্যাথেরিন লাডউইগ, সুচেতা মেহরা, ড. অশোক আগারওয়াল, লাকি মেওনি, আশাভারিভরুল হাকরন প্রাপোদ, পল সেইফারট, ড. আলফ্রেড সোমার, মিসেস জিল সোমার, ড. ক্যাথি ওয়েস্ট, ড. জেমস এগার ও ড. জনি জারলো। এছাড়া বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত চেলামপল থানচিট ও তার পত্নী তাদের সঙ্গে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.