রাজশাহী, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতার জন্য ইসলামী ছাত্র শিবিরের ৫৪ নেতা-কর্মীকে চিহ্নিত করেছে পুলিশ।
তাদের গ্রেপ্তারে প্রতিটি জেলায় ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার নওশের আলী।
তিনি জানান, ৫৪ জনের মধ্যে ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুল আলম গোলাপ ও সাধারণ সম্পাদক মোবারক হোসেনও রয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি রাতে সহিংসতায় এক ছাত্রলীগকর্মী নিহত এবং অর্ধশত আহত হয়। হামলার জন্য জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র শিবিরকেই দায়ী করা হচ্ছে।
ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। যাতে নাম উল্লেখ করে গোলাপ ও মোবারকসহ ৬৪ জনকে আসামি করা হয়েছে। গোলাপ ও মোবারক পলাতক থাকলেও রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানসহ শতাধিক জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ কমিশনার নওশের সোমবার সাংবাদিকদের বলেন, "বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৫৪ জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার করার জন্য রোববার রাতে তাদের তালিকা সারাদেশের প্রতিটি জেলার পুলিশ সুপারের কাছে ফ্যাক্স করে পাঠানো হয়েছে।"
এছাড়া হামলার নির্দেশদাতা বা পরোক্ষভাবে জড়িতদের একটি তালিকাও পুলিশ তৈরি করছে বলে নওশের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২২০ ঘ.
bdnews24