২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামনেস্টির আইরিনের সমালোচনায় সাজেদা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানের বক্তব্যের সমালোচনা করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 04:26 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানের বক্তব্যের সমালোচনা করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হওয়ায় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকালে সাজেদা বলেন, "খুনী নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনলে তার মৃত্যুদণ্ড হবে- এটাকে মানবাধিকার বিরোধী বলেছেন তিনি (আইরিন খান)। "বঙ্গবন্ধুকে হত্যা করা মানবাধিকার বিরোধী নয়? "পরে খোঁজ নিয়ে জানলাম তিনি তারেক রহমানের স্ত্রীর আত্মীয়।" আলোচনার সমাপ্তি টেনে সংসদ উপনেতা বলেন, "কারা ষড়যন্ত্র করছে, তা আজ খুঁজে বের করতে হবে। কারা সংসদে এসে আবার ১৫ আগস্ট ঘটানোর কথা বলে তা আপনাকে (স্পিকার) বের করতে হবে। গণতন্ত্রের পথে অনেক কাঁটা রয়েছে, এটাকে অপসারণ করতে হবে।" বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হওয়ায় ধন্যবাদ প্রস্তাব রোববার সর্বসম্মতভাবে পাস করেছে জাতীয় সংসদ। আসরের নামাজের বিরতির পর এ সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপন করেন চিফ হুইপ আব্দুস শহীদ। তিন ঘণ্টা আলোচনা শেষে প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ছিলেন না। গত ২৮ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফারুক রহমান, শাহরিয়ার রশিদ খানসহ পাঁচ খুনীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ রোডের বাসায় তৎকালীর রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবাররের সদস্যরা নিহত হন। আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু বলেন, "কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়ে এ হত্যার বিচার শেষ হবে না। এর কূল-কিনারা খুঁজে বের করতে হবে। আজ সময় থাকতে আমাদের সর্তক হতে হবে।'' আরেক উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, "জিয়াউর রহমান সংবিধানকে তছনছ করেছে। খুনীরা নিজেরাই বলেছিলেন- জিয়াউর রহমান এই খুনের সঙ্গে জড়িত।" আরেক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সামরিক শাসনামলগুলোতে বিভিন্ন সংশোধনী এনে সংবিধানকে খণ্ড-বিখণ্ড করা হয়েছে। তা নিরুপনের জন্য তথ্য উৎঘাটন কমিশন গঠন করার প্রস্তাব করে তিনি বলেন, "এ কমিশনের মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজুলল করিম সেলিম ১৫ আগস্টের রাতের হত্যাকাণ্ডের ঘটনা আবেগজড়িত কণ্ঠে বর্ণনা করে বলেন, "জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ সংসদে পাস করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করেছিলেন। হত্যাকারীদের পদোন্নতি দিয়ে বিদেশি দূতাবাসে চাকুরি দিয়েছিলেন। আজ জিয়াকে খুনী বললে তারা (বিরোধী দল ) চিৎকার করেন।" খালেদা জিয়াও ওই খুনীদের পুরস্কৃত করেছিলেন জানিয়ে সেলিম বলেন, খুনী রশিদকে নির্বাচনে জিতিয়ে বিরোধী দলের আসনে বসিয়ে কলঙ্কিত করেছেন তিনি। তিনি ১৫ আগস্টের ঘটনার প্রকৃত তথ্য উৎঘাটনে কমিশন গঠনের প্রস্তাব দেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "বঙ্গবন্ধু হত্যায় সুবিধাভোগী হচ্ছেন জিয়াউর রহমান। তাই বিএনপি এই আলোচনায় অংশ নেবে না বলেই একটি নাটক করে ওয়াকআউট করেছে।'' জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, "খুনীদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সবাই সন্তোষ প্রকাশ করলেও বিএনপি-জামায়াতসহ কিছু দল নীরব থেকে খুনীদের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে।" তিন ঘণ্টার সাধারণ আলোচনায় আরো অংশ নেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সরকারি দলের সদস্য আবদুল মতিন খসরু, সুবিদ আলী ভূঁইয়া, অপু উকিল, নূরুল ইসলাম সুজন, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু প্রমুখ। আসরের নামাজের বিরতির আগে বিএনপিসহ বিরোধী দল সংসদে থেকে ওয়াক আউট করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/ডিডি/জিএনএ/২২২৫ ঘ.