ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া, রাজবাড়ী ও বাগেরহাটে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন।
এর মধ্যে শুক্রবার সকালে কুষ্টিয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় দুজন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরো ১৩ জন।
বাগেরহাটের কচুয়া উপজেলায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক শিশু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বারখাদা ও মিরপুর উপজেলার আমলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- চুয়াডাঙ্গার দয়রামপুর গ্রামের আব্দুল জলিল মালিথা (৭৮)।
কুষ্টিয়া সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে বারখাদা নামক স্থানে একটি ট্রাক অজ্ঞাতনামা এক সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশা মিয়া জানান, সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি বাস মালিথাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সদর উপজেলায় রাজবাড়ী-ফরিদপুর সড়কে ট্রাক চাপায় নসিমনের (স্থানীয় ইঞ্জিনচালিত যান) তিন যাত্রী মারা গেছেন।
এরা হলেন- আজিদ মুন্সী (৬০), ইউছুফ আলী (৫৫) ও আব্দুর রশীদ (৫৫)। এদের সবার বাড়ি জেলার পাংশা উপজেলায়।
রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউর রহমান জানান, ফেলুর দোকান মোড় থেকে পাংশাগামী একটি নসিমনকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ১৬ জন আহত হন।
এদের মধ্যে শুক্রবার ভোরে রাজবাড়ী সদর হাসপাতালে দুজন এবং ফরিদপুর হাসপাতালে একজন মারা যান।
পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
বাগেরহাট প্রতিনিধি জানান, নিহত শিশুর নাম- শ্রাবণী আক্তার (৫)। সে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের লোকমান মল্লিকের মেয়ে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কে উপজেলার রাঢ়িপাড়ার বকুলতলা নামক স্থানে খুলনাগামী পিকআপ ভ্যান চাপায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি খায়রুল আনাম।
তিনি জানান, পুলিশ পিকআপ ভ্যানসহ চালক রুস্তম আলীকে (৩৭) আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24