২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আরো ২৯ শিবির নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যা ও আবাসিক হলে হামলার ঘটনায় শিবিরের আরো ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 04:31 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

রাজশাহী, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যা ও আবাসিক হলে হামলার ঘটনায় শিবিরের আরো ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মহানগর ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। মতিহার থানায় ৩১ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। রাবির আবাসিক হলে শিবিরের এক নেতার কক্ষ জ্বালিয়ে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। ক্যাম্পাস থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার ২৯ জনের মধ্যে ১৯ জনকে আটক করেছে জেলার পবা থানা পুলিশ। ছয়জনকে আটক করেছে মতিহার এবং চারজনকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। পবা পুলিশ আটক ১৯ জনকে নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করেছে। বোয়ালিয়া থানায় আটক রয়েছেন- আল মাসুদ, আরিফুল ইসলাম, মাসুদ কাইসার, সোবহান, এসএম উজ্জ্বল, ফিরোজুল ইসলাম, সুমন মিয়া, গাউছুল আজম, আসাদুর রহমান, মনিরুল, রনি মিয়া, দেলোয়ার, শাহিন আকতার, গোলাম মোস্তফা, আতাউর রহমান, আজিজুর রহমান, ইস্রাফিল হোসাইন ও রিয়াজ উদ্দিন। এদের বেশিরভাগই রাবি'র ছাত্র। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জসীম উদ্দিন জানিয়েছেন। মতিহার থানায় গ্রেপ্তারকৃতরা হলেন- মোকাদ্দেস, জিল্লুর, আরশাদ বিল্লাল, এনামুল, রফিক ও রায়হান। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, তাদের খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। একই থানা পুলিশ কাজলা কেডি ক্লাবের সামনের নর্দমা থেকে একটি রামদা, বিশ্বিবিদ্যালয়ের সিলসিলা রেস্টুরেন্টের সামনের পুকুর থেকে তিনটি রামদা ও দুটি লোহার রড উদ্ধার করেছে। ক্যাম্পাসে হামলার রাতে শিবির এসব অস্ত্র ব্যবহার করে বলে পুলিশ কর্মকর্তা জানান। মোহনপুর থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহনপুর থানা এলাকা থেকে চার শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মতিহার গ্রামের শাকিল, মামুন, আল মামুন ও খাদেমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে রাবি'র সৈয়দ আমীর আলী হলের ছাত্রলীগ কর্মী ইতিহাস শেষ বর্ষের ছাত্র রুহুল আমীন ৩১ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার মতিহার থানায় একটি মামলা করেছেন। এ মামলার আসমিরা হলেন- রায়হান, ইকরামুল, রানা, শামীম, শাহীন, সাঈদ, বাহার, মুন্না, মামুন, ফিরোজ, কাজল, তরিকুল ইসলাম, সালমান, মিজান, ওমর ফারুক, লতিফ, তারেক, তারা, রাজু, টাকু শাহীন, চঞ্চল, এনামুল, বাবু, রাকিব, সাকির, মামুন, খাদেমুল, আল মামুন, শহীদ, আলমগীর, জসীম উদ্দিন। এদের বেশিরভাগই আমীর আলী হলের শিবির নেতা-কর্মী। এ নিয়ে মতিহার থানায় শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে তিনটি মামলা হল। বুধবার অপর দু'টি মামলায় আসামি ছিলেন শিবিরের ৬৪ নেতা-কর্শী। গত বুধবার ২৮ শিবির নেতাকর্মীকে পুলিশ পাঁচ দিনের হেফাজতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, জিয়াউর রহমান হলের শিবির সভাপতি মাইনুল ইসলামের ২০৩ নম্বর কক্ষ দুপুর ১২টার দিকে জ্বালিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। পরে হল প্রশাসন কর্মকর্তারা আগুন নেভান। এর আগে সকালে পুলিশ মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে গ্রেপ্তার করে। আতাউর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে বিকালে ৫টার দিকে নগরীর রেলগেট এলাকায় সংক্ষিপ্ত সভা ও বিক্ষোভ মিছিল করেছে দলের নেতা-কর্মীরা। মহানগর জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক এমাজ উদ্দিন, বোয়ালিয়া পশ্চিমের আমির আমিনুল ইসলাম, জামায়াত নেতা সিরাজুল ইসলাম, আব্দুল মালেক প্রমুখ মিছিলে অংশ নেন। মহানগর আমিরকে অবিলম্বে ছেড়ে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুমকি দেন নেতারা। এদিকে বিকাল সাড়ে ৫টার দিকে মহাজোট নেতারা লক্ষ্মীপুর মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন। মেয়র খায়রুজ্জামান লিটন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, মহনগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যার ঘটনায় শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার তাড়াশ উপজেলার কুন্দল গ্রামের বাড়ি থেকে মোখলেছুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ওই থানার ওসি মো. মোখলেছুর রহমান। ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহীর মতিহার থানায় করা মামলার আসামি মোখলেছ। মামলা তাকে শিবির নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ মোখলেছ এ কথা অস্বীকার করেছেন বলে ওসি জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোখলেছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শেষবর্ষের ছাত্র এবং শেরেবাংলা হলে থাকেন। বিকালে রাজশাহীন মহানগর পুলিশের একদল তাড়াশ এসে মোখলেছকে তাদের হেফাজতে নিয়ে গেছে বলে ওসি জানান। সোমবার রাতভর সংঘর্ষে নিহত হন ছাত্রলীগ কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন। পুলিশ বলেছে শিবিরের হামলায় ফারুক মারা গেছেন। এ ঘটনায় শিবিরের ৬৪ জনের নাম উল্লেখসহ ৫/৬ শ' জনের বিরুদ্ধে বুধবার দুটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.