২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুবক খুন

বাগেরহাটের কচুয়া উপজেলার চর হাজরাখালী গ্রামের তালেশ্বর নদীর পাড় থেকে বুধবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 11:16 AM

Updated : 24 Aug 2022, 06:43 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলার চর হাজরাখালী গ্রামের তালেশ্বর নদীর পাড় থেকে বুধবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল হাওলাদার (৩৫) বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের সামছুল হক হাওলাদারের ছেলে। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে তিনি অর্থ উপার্জন করতেন। জামালের চোখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের রক্তাক্ত ক্ষত রয়েছে। তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ ঘটনাস্থল থেকে দু'টি লোহার রড এবং এর তিন কিলোমিটার দূর থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করেছে। কচুয়া থানার ওসি খায়রুল আনাম বলেন, লোহার রড দিয়ে পিটিয়ে জামালকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের ছোটভাই রমজান হাওলাদার বলেন, জামাল মোটরসাইকেল চালিয়ে অর্থ উপার্জন করতেন। সাধারণত রাত ৯টার মধ্যে বাড়ি ফিরে আসতেন। দূরে কোথাও ভাড়া নিয়ে গেলে বাড়িতে ফোন করে জানাতেন। তিনি এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১২ ঘ.