ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘট প্রত্যাহার করে বুধবার কাজে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নার্সরা।
ফলে তিন দিন পর হাসপাতালের রোগীদের দুর্ভোগের অবসান হলো।
ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তার বিচার দাবিতে রোববার থেকে তারা ধর্মঘট করে আসছিলেন।
বাংলাদেশ ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভানেত্রী ফেরদৌসী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগীদের কথা বিবেচনা করে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
বুধবার সকাল ৯টা থেকে সব নার্স কাজে যোগ দিয়েছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার প্রশাসনের সঙ্গে বৈঠক করেন নার্সরা।
জেলা প্রশাসক হাইয়ুল কাইয়ুম এবং পুলিশ সুপার মোখলেছুর রহমান অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালে ২৪ ঘণ্টা পুলিশ পাহারার ব্যবস্থা করার আশ্বাস দেন।
নার্সদের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি আশিকুল আলম বাবলুর বিরুদ্ধে। যিনি বর্তমানে একটি ওষুধ প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি।
বাবলুর বিরুদ্ধে একটি মামলাও করেন নার্স পিয়ারা বেগম। তাতে বলা হয়, বাবলুর প্রতিষ্ঠানের ইনজেকশন ব্যবহার না করায় শনিবার বাদিকে মারধর করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24