ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ২৫ বছর পর আবারো জাহাজে করে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন হজযাত্রীরা।
আগামী হজে ১৮ হাজার হজযাত্রীকে জাহাজে সৌদি আরব পাঠানোর উদ্যোগ নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
এতে ব্যয় ৪০ শতাংশ কমে যাবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
রোববার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে শাজাহান খানের সভাপতিত্ব এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নৌ পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, ধর্ম সচিব আব্দুর রব হাওলাদার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর রিয়াজউদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর বজলুর রহমান, শিপিং কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল হাকিম, স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।
একটি বেসরকারি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রস্তাব অনুযায়ী জাহাজে করে হজযাত্রী পাঠানোর প্রক্রিয়া বাস্তবায়নের বিষয়ে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাণিজ্যিক) আব্দুল কুদ্দুসকে আহবায়ক করে সভায় ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন- ধর্ম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সমুদ্র পরিবহন অধিদপ্তর ও প্রস্তাবকারী প্রতিষ্ঠানটির প্রতিনিধি।
'ইডেন শিপিং লাইন্স' নামের এ প্রতিষ্ঠানটি ইতালীয় একটি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট। এটি ইউরোপীয় দেশগুলোতে জাহাজে যাত্রী পরিবহন করে থাকে। এর সঙ্গে সৌদি সরকারেরও সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।
তিনি জানান, ১৯৮৫ সালে সরকার জাহাজে হজযাত্রী পরিবহন বন্ধ করে দেয়।
ইডেন শিপিং লাইন্স এ বছর জাহাজে করে ১৮ হাজার হজযাত্রী পরিবহনের প্রস্তাব দেয়।
তাদের প্রস্তাব অনুযায়ী চলতি বছরের ১ অক্টোবর থেকে দু'টি জাহাজে ছয়টি আপ এবং ছয়টি ডাউন ট্রিপে ১৮ হাজার হজযাত্রীকে চট্টগ্রাম থেকে জেদ্দা এবং জেদ্দা থেকে চট্টগ্রাম পৌঁছে দেওয়া হবে।
এ বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাহাজে প্রতি ট্রিপে তিন হাজার হজযাত্রী বহন করা যাবে। চট্টগ্রাম থেকে জেদ্দা যেতে জাহাজে ছয় থেকে সাত দিন সময় লাগবে। এতে জনপ্রতি ৮৫০ ডলার ব্যয় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এইচএ/০০২৩ ঘ.
bdnews24