২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েত পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তিনদিনের রাষ্ট্রীয় সফরে রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েত পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 04:24 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিনের রাষ্ট্রীয় সফরে রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েত পৌঁছেছেন। কুয়েত বিমান বন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের মোহাম্মদ আল আহমদ আল সাবাহ'র উপদেষ্টা রাশা আল সাবাহ। বিমানবন্দরে শেখ হাসিনাকে লাল গালিচা সংর্ধবনা জানানো হয়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাত সোয়া ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেছেন। এর আগে শেখ হাসিনা দুপুর ২টা ৭ মিনিটে কুয়েতের আমিরের পাঠানো একটি বিশেষ বিমানে করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ। সফরে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের মোহাম্মদ আল আহমদ আল সাবাহ, পার্লামেন্টের স্পিকার হাসেম আল খোরাফি, কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ জাবের মোবারক আল হামাদ আল-সাবাহ, উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম আল সাবাহ ও কুয়েত অর্থনৈতিক উন্নয়ন তহবিলের মহাপরিচালক আবদুল ওয়াহাব আল বাদের'র সঙ্গে শেখ হাসিনার বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- কুয়েত চেম্বার অব কমার্স পরিদর্শন ও তাদের আয়োজিত এক ভোজসভায় যোগদান, আহমেদিয়া কুয়েত তেল কোম্পানি পরিদর্শন এবং প্রবাসী বাঙালিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান। বুধবার ভোরে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/বিএম/এএল/জিএনএ/২২২০ ঘ.