সাতক্ষীরা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ যোগ দেন।
দু'মাসেও এ হত্যা মামলার কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির নেতারা।
তারা দাবি করেন, মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করার পর গত ৩১ জানুয়ারি সিআইডি'র এসপি আব্দুর রহমান এবং সদর থানার ওসি হাসেম খান তদন্তের নামে নিহত লস্করের বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছেন।
সাতক্ষীরার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মনির-উজ-জামান এ হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন বলে বক্তারা দাবি করেন।
সভায় বক্তারা সরকারি খাসজমি ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবি জানিয়ে লস্কর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালানোর শপথ নেন।
সাইফুল্লাহ লস্কর হত্যার বিচার বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিপিবি নেতা ফিরোজ আহমেদ, কমিটির সদস্য সচিব মোস্তফা লুৎফুল্লাহ, জেলা ভুমিহীন সমিতির সভাপতি আবুল খায়ের সরদার, জেলা জাসদের সভাপতি কুদরত-ই-খোদা, নিহত সাইফুল্লাহ লস্করের স্ত্রী সুরাইয়া আক্তার, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাঈদ প্রমুখ।
অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান এস এম শওকত হোসেন ও আওয়ামী লীগ নেতা ফিরোজ আহম্মেদ।
সভায় ৮ ফেব্র"য়ারি থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত গণসংযোগ এবং ৯ মার্চ জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
দুপুর ২টায় সভার সভাপতি আব্দুর রহিমকে সরবত খাইয়ে অনশন ভঙ্গ করান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এ ব্যাপারে এসপি মনির-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গণ অনশনের কথাটি আপনার কাছে শুনলাম। মামলাটি সিআইডি তদন্ত করছে। জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার কথাটি অমূলক বলে দাবি করেন তিনি।
গত বছরের ৫ ডিসেম্বর সকালে বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়। আগেরদিন গভীর রাতে তার বাড়িতে পুলিশ গিয়েছিল বলে পরিবারের সদস্যরা জানায় এবং সদর থানা পুলিশ তা স্বীকার করেছে।
এরপর থেকেই পুলিশ সাইফুল্লাহর মৃত্যু 'রহস্যজনক' বলে উল্লেখ করলেও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির অভিযোগ, পুলিশ তাকে হত্যা করেছে।
সাইফুল্লাহ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপন রাজনৈতিক দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত এবং জেলা ভূমিহীন উচ্ছেদ সমন্বয় কমিটির নেতা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24