২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) নেতা পরেশচন্দ্র মারা গেছেন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশচন্দ্র সাহা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 03:31 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশচন্দ্র সাহা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডির একটি হাসপাতালে তিনি মারা যান বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরেশচন্দ্র দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি রোগে রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। বিকাল চারটার দিকে পোস্তাগোলা শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) আহ্বায়ক হায়দার আকবর খান রনো, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নূরুল হাসান, মাহমুদুল হাসান মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরেশচন্দ্র সাহা পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও দলের মুখপত্র সাপ্তাহিক নতুন কথার বার্তা সম্পাদক ছিলেন। '৬৯-এর গণঅভ্যুত্থানের সময় ছাত্র রাজনীতিতে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গণে পরেশচন্দ্র সাহার প্রবেশ। এক সময় ছাত্রলীগে যোগ দিয়ে মুক্তাগাছায় তিনি ছাত্রলীগকে সংগঠিত করেন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তিনি বাম আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ৮০-র দশকের শুরুতে তিনি ওয়ার্কার্স পার্টির সঙ্গে সম্পৃক্ত হন। '৮৪ সালে তিনি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এই পার্টিতে থাকা অবস্থায় তিনি পার্টির সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন। তিনি দৈনিক 'গণকণ্ঠ' এবং দৈনিক বাংলার বাণী' পত্রিকায় সহ সম্পাদক পদে কাজ করেছেন। ২০০৪ সালে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন। পরে ২০০৯ সালে তিনি ওয়ার্কার্স পার্টিতে (পুনর্গঠিত) যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএসবি/২১২৭ ঘ.