পঞ্চগড়, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে শনিবার ভোরে বাংলাদেশি এক নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিহতের নাম- ফরিদ (২৮)। তিনি তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত গ্রামের দবিরউদ্দিনের ছেলে।
স্থানীয় সাংবাদিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তের ৪৪২ নম্বর মেইন পিলারের ৫-৬ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
তারা জানান, ফরিদ, জহিরসহ ৮/১০ জনের একটি দল সীমান্ত এলাকায় জমিতে কাজ করছিল। এ সময় ওই সীমান্তের বিপরীতে ভারতের হাফতিয়াগছ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ১০/১২ রাউন্ড গুলি ছোড়ে।
এতে ঘটনাস্থলেই ফরিদ নিহত হয়। অন্যরা পালিয়ে আত্মরক্ষা করে। পরে বিএসএফ সদস্যরা ফরিদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
ফরিদের বাবা দবিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে পাঁচদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার কিছুটা মানসিক বিকৃতি আছে। ভারতে যার মৃতদেহ আছে সে তারই ছেলে বলে তিনি দাবি করেন।
তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিয়া জানান, ফরিদের বাবা ছেলে নিখোঁজ হওয়ার কথা তাকে জানিয়েছেন। লাশ সনাক্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
বিডিআরের তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নৃপেন চন্দ্র দাস জানান, ফরিদ নিখোঁজের কথা জানিয়ে দবিরউদ্দিন বিডিআরকে একটি চিঠি দিয়েছেন। সীমান্তে নিহতের লাশ ফেরত দেওয়ার জন্য বিডিআর'র পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
বুধবার সিলেটের জৈন্তা সীমান্তে একজন বিডিআর সদস্যকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
গত বছর ঢাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা না করার ব্যাপারে বিএসএফ প্রতিশ্র"তি দিয়েছিল। কিন্তু এখনো সীমান্তে গুলিবর্ষণ ও গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৯ ঘ.
bdnews24