সাভার (ঢাকা), ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বনভোজনে শনিবার যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাভার মিলিটারি ফার্মের 'অরণ্যালয়' এ বনভোজন হচ্ছে। দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছান বলে সাভার থানার ওসি নাসির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য।
এর আগে সকাল ১০টার মধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অরণ্যালয়ে পৌঁছে যান।
ওসি জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাভার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মহাসড়কের পাশেই অরণ্যালয়। এজন্য ঢাকা-আরিচা মহাসড়কেও নিরাপত্তা জোরদার রয়েছে। টহল পুলিশকে বেশ সতর্ক দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.
bdnews24