২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বগুড়ায় বার্ড ফ্লু

সিরাজগঞ্জের পর এবার বগুড়ায় বার্ড ফ্লু'র প্রাদুর্ভাব ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

বগুড়া, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের পর এবার বগুড়ায় বার্ড ফ্লু'র প্রাদুর্ভাব ঘটেছে। জেলার গাবতলী উপজেলায় একটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে সাত শতাধিক মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। শুক্রবার সকাল থেকে ওই এলাকায় সতর্কতা জারি করে সেখানে প্রাণী সম্পদ বিভাগের নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৬ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার একটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর কয়েক হাজার মুরগি নিধন করে প্রাণী সম্পদ বিভাগ। বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূরন্নবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাবতলীর সোনারায় গ্রামের হামিদুল ইসলামের খামারে কয়েকদিন ধরে মুরগী মারা যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে কয়েকটি মৃত মুরগী নিয়ে তিনি বগুড়া জেলা প্রাণী সম্পদ বিভাগে যোগাযোগ করেন। তিনি জানান, মৃত মুরগির নমুনা প্রাথমিকভাবে পরীক্ষা করে বার্ড ফ্লু ভাইরাস (এইচ৫এন১) সনাক্ত করা হয়। বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য মৃত মুরগির নমুনা পাঠানো হয় জয়পুরহাট আঞ্চলিক রোগ গবেষণা ইনস্টিটিউটে। সেখান থেকে বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর ঢাকা প্রাণী সম্পদ অধিদপ্তরে বিষয়টি জানানো হয়। রাতে এক ফ্যাক্স বার্তায় ওই খামারের মুরগি নিধনের নির্দেশ দেয় অধিদপ্তর। ডা. নূরন্নবী জানান, পুলিশের সহায়তায় রাত ১১টা থেকে আড়াইটা পর্যন্ত মুরগি নিধন প্রক্রিয়া চলে। এ সময় তিনি ছাড়াও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা মোহাম্মদ আলী রেজা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা খলিলুর রহমান ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত খামারীকে প্রতিটি মুরগীর জন্য ৯০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ২০০৭ সালে ঢাকার অদূরে একটি খামারে প্রথম বার্ড ফ্লু সংক্রমণ সনাক্ত করা হয়। এরপর দেশের প্রায় ৪১ জেলার বিভিন্ন খামারে ও গৃহস্থালীর হাঁস-মুরগি ও কবুতর বার্ড ফ্লু আক্রান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.