২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে আরেকটি শিশুর মৃত্যু

দুই দিনের ব্যবধানে আরেকটি শিশু মারা গেছে গাড়িচাপায়, যা রাজধানীর অনিরাপদ সড়কের চিত্রই মেলে ধরলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 01:01 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনের ব্যবধানে আরেকটি শিশু মারা গেছে গাড়িচাপায়, যা রাজধানীর অনিরাপদ সড়কের চিত্রই মেলে ধরলো। শুক্রবারের দুর্ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছেই ফ্যালকন টাওয়ারের সামনে। মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় মারা যায় ৭ বছরের সুমী। দুর্ঘটনায় সুমির মা হাসিনা বেগম (২৪) এবং ভাই ১ বছর বয়সি হাসানও আহত হয়েছে বলে জানান তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান। দুপুর দেড়টার দিকে ওই দুর্ঘটনার পরপরই তাদের ফার্মগেটের আল রাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসানের মাথা ফেটে গেছে; মায়ের অবস্থাও আশঙ্কাজনক। কোন গাড়ির চাপায় সুমী মারা গেছে, তা নিশ্চিত করে বলতে পারেনি প্রত্যক্ষদর্শীরাও। ওসি মাহবুবও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িটি চিহ্নিত করা যায়নি। প্রত্যক্ষদর্শী আমিনুল নামে এক বাদাম বিক্রেতা সাংবাদিকদের বলেন, হঠাৎ করে আত্মচিৎকার শুনতে পেয়ে রাস্তায় একজন মহিলা আর দুই শিশুকে পড়ে থাকতে দেখি। ওই সময় পাশাপাশি একটি প্রাইভেট কার ও বাস যাচ্ছিলো। কিন্তু কোনটি যে চাপা দিয়েছে বোঝা যায়নি। সুমির বাবা মঞ্জু সরদার রিকশা চালান। হাসিনা বেগম দুই সন্তান নিয়ে সরকারি কর্ম কমিশন প্রাঙ্গণে পাতা কুড়াতে গিয়েছিলেন। সুমীর দাদি জোহরা বেগম বলেন, চুলা জ্বালানোর জন্য হাসিনা দুই সন্তানকে নিয়ে পাতা কুড়াতে গিয়েছিলো। দুপুরের দিকে রাস্তায় একটি শিশু মারা গেছে বলে খবর পান জোহরা। গিয়ে দেখেন নাতনির লাশ। জোহরা জানান, মঞ্জু সরদার সকালে রিকশা নিয়ে বের হওয়ায় বিকাল পর্যন্ত তার কাছে মেয়ের মৃত্যুর খবর পৌঁছেনি। তেজগাঁও থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানিয়েছেন, শিশুটির আত্মীয়রা এলে অজ্ঞাত গাড়িচালককে আসামি করে একটি মামলা করা হবে। রাজধানীর কাকরাইলে বুধবার বাসের ধাক্কায় নিহত হয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কিন্ডার গার্টেন শাখার ছাত্র হামীম শেখ। সেও দুর্ঘটনার সময় মায়ের সঙ্গে ছিলো। হামীমের মা সোনিয়া শেখও আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৮৪৫ ঘ.