মাদারীপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিকনিকের বাস খাদে পড়ে মাদারীপুরের একটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে করে চরমুগুরিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন।
আহত চরমুগুরিয়া কলেজের ইতিহাসের সহকারী অধ্যাপক আলী আকবর খোকা, ইংরেজী বিভাগের অধ্যাপক আফসারউদ্দিন (৫০), তার ছেলে সাদিত (১১), ইসলামের ইতিহাসের অধ্যাপক সিরাজুল ইসলাম (৪৮), তার স্ত্রী নিলুফা বেগম, শিক্ষার্থী আমিরুল (২২), সজীব (২১), সুরাইয়া বেগমকে রাজৈর ও মাদারীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বলেন, পিকনিকের উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে বাগেরহাট যাচ্ছিল বাসটি। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে রওনা হয়ে ঘটনাস্থলে একটি নসিমনকে (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৭ ঘ.
bdnews24