২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহের মামলায় ঠাকুরগাঁওয়ে অভিযোগ গঠন ৮ এপ্রিল

বিডিআর বিদ্রোহের মামলায় ঠাকুরগাঁওয়ের ৫১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৮ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 11:36 AM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঠাকুরগাঁও, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় ঠাকুরগাঁওয়ের ৫১ বিডিআর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ৮ এপ্রিল। বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঠাকুরগাঁওয়ে ২০ রাইফেলস ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালতে বিচার কার্যক্রম শুরু হয় বলে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ আলম জানান। এর আগে অভিযুক্তদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কর্নেল মাহফুজ আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন। আগামী ২৭ দিনের মধ্যে নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগ দিয়ে আদালত জানান, অভিযুক্তরা নিজস্ব আইনজীবী অথবা বিভাগীয় কৌঁসুলির সাহায্য গ্রহণ করতে পারবেন। আদালতে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান, মেজর দিদার আল লতিফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় উপস্থিত ছিলেন। বুধবার বিচার কাজ শুরু হওয়ার পর বাদী ২০ রাইফেলস ব্যাটালিয়নের ডিএডি নূরুল ইসলাম ফকির অভিযোগ পড়ে শোনান। তিনি ঠাকুরগাঁও কারাগারে আটক ২৫ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। বাকি ১৩ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এ ছাড়া নতুন আরো ৩৯ জনকে গ্রেপ্তারের আদেশ দিতে আদালতে আবেদন করেন তিনি। বিচারক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে ওই ৩৯ অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেন। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ঠাকুরগাঁও ২০ রাইফেল ব্যাটালিয়নের সদস্যরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দিনভর ফাঁকা গুলি ছোঁড়ে, ক্যাম্পের সামনের রাস্তায় অস্ত্র ও গ্রেনেড নিয়ে মহড়া ও মহাসড়ক অবরোধ করে। ঠাকুরগাঁও থানার তখনকার ওসি সোহরাব আলী বাদী হয়ে এ ঘটনায় মামলাটি দায়ের করেন। বিডিআর বিদ্রোহের মামলাগুলোর বিচার বিডিআর আদালতে বিডিআর আইনে চলছে। পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার বিচার হবে সাধারণ আইনে বিশেষ ট্রাইব্যুনালে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে। বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৭২৭ ঘ.