পঞ্চগড়, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় পঞ্চগড়ে ২৯ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ এপ্রিল দিন ঠিক হয়েছে।
২৫ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে শুনানির পর বৃহস্পতিবার এ দিন ঠিক করা হয়।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম নেতৃত্বাধীন আদালতে অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যকে কারাগার থেকে হাজির করা হয়।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে উপস্থাপন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক।
এ আদালতে বিচারক প্যানেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ।
বুধবার এ আদালতে অভিযুক্ত বিডিআর সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু হয়।
বিচার শুরু হওয়ার আগে এজলাসে উঠে আদালতের সভাপতি ও বিডিআর প্রধান মেজর জেনারেল মইনুল ইসলাম প্রথমে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বিডিআরের পোশাক পরিহিত সদস্যদের বসতে বলেন।
তিনি তাদের জিজ্ঞাসা করেন, "তোমরা সবাই ভালো আছ?"
অশ্র"ভেজা চোখে তারা মাথা নেড়ে নীরবে সাড়া দেন। এরপর বেতন ঠিকমত পাচ্ছে কি না তা জানতে চাইলে বিডিআর সদস্যরা নিয়ম অনুযায়ী অর্ধেক বেতন প্রতিমাসে বাড়িতে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান।
এ সময় বিডিআর মহাপরিচালক অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের বিডিআর বাহিনীর সদস্য অভিহিত করে তাদেরও সেটা মনে রাখার পরামর্শ দেন।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন।
পরদিন সারাদেশের বিভিন্ন স্থানের মতো পঞ্চগড় সদরদপ্তরে বিডিআর সদস্যরা শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
বিদ্রোহের ঘটনায় পঞ্চগড় সদর থানার ওসি মো. জমিরউদ্দিনের দায়ের করা মামলায় ব্যাটালিয়নের ডিএডি এটিএম নাজমুল হুদা চৌধুরীসহ ২২ জনকে আসামি করা হয়েছিলো।
তবে বুধবার আদালতে বাদির আবেদনে নাজমুল হুদাকে বাদ দেওয়া হয়। আসামির তালিকায় যুক্ত করা হয় অপর আট জওয়ানকে।
বিডিআর বিদ্রোহের মামলাগুলোর বিচার বিডিআর আদালতে বিডিআর আইনে চলছে। পিলখানায় হত্যা ও লুণ্ঠনের মামলার বিচার হবে সাধারণ আইনে বিশেষ ট্রাইব্যুনালে।
বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪০০ ঘ.
bdnews24