গোলাম মর্তুজা অন্তু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
সুলাইমান নিলয়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাবি প্রতিনিধি
ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর সিদ্দিক কীভাবে আহত হয়েছিল-সে বিষয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্যের একেবারে উল্টো কথা বলছে ঘটনার প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা বলছে, সোমবার রাতে সংঘর্ষের সময় পুলিশের নিক্ষিপ্ত কাঁদানে গ্যাসের হামলায় এফ রহমান হলের ৪০৪ নম্বর কক্ষেই আহত হয়ে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর সিদ্দিক।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পুলিশের হামলায় আবু বকর আহত হয়নি।
আবু বকরের বন্ধু, রুমমেট, প্রতিবেশী রুমের সদস্যরা বলছে, কাঁদানে গ্যাসের শেলের আঘাতে সে গুরুতর আহত হয়ে রুমের ভেতরে আধঘণ্টারও বেশি সময় ধরে পড়ে ছিল। সংঘর্ষ থেমে যাওয়ার পর তাকে রুম থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বকরের ৪০৪ নম্বর কক্ষের মেঝেতে এখনও রয়ে গেছে রক্তের দাগ রুমের মেঝেতে।
বুধবার সকালে কক্ষটিতে গিয়ে দেখা যায়, ভেতর পড়ে রয়েছে টিয়ার শেলের খোসা, মেঝেতে শুকিয়ে কালচে হয়ে আছে রক্ত, পড়ার টেবিলে রক্তভেজা খাতা, বিছানা-তোশক এখনো রক্তমাখা; কাপড়চোপড়ে ছোপ ছোপ রক্ত।
ভেঙে যাওয়া টিউব লাইটও পড়ে আছে সেভাবেই। টিয়ার গ্যাসের ঝাঁঝ থেকে বাঁচতে রুমের বাইরে যে আগুন জ্বালিয়েছিল আবু বকর ও তার পার্শ্ববর্তী রুমের ছাত্ররা তার ছাই পড়ে রয়েছে সেভাবেই। কক্ষের ভেতরেও উড়ে গিয়ে পড়েছে ছাই।
বকরের অকাল চলে যাওয়ার দগদগে স্বাক্ষী হয়ে আছে ৪০৪ নম্বর কক্ষটি। সুদূর গ্রাম থেকে বয়ে নিয়ে আসা স্বপ্ন যেন ছাই হয়ে মরে পড়ে আছে ঘরটা জুড়ে।
আবু বকরের রুমমেট দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাত আড়াইটার দিকে পুলিশ যখন হলে ঢুকলো তখন আমরা ঘুমিয়ে ছিলাম। রাজনীতির সঙ্গে এ রুমের কারোরই খুব বেশি সংশ্লিষ্টতা ছিল না। হলের সিট রাখার জন্য যেটুকু মিছিল-মিটিংএ যাওয়া- সেটুকুতেই সীমাবদ্ধ ছিল সবার রাজনৈতিক কর্মকাণ্ড। সেদিনের মারামারিতেও আমাদের রুমের কেউই যায়নি।
"কিন্তু তবুও হলের জানালার কাঁচ ভেঙে আমাদের ঘুমন্ত রুম তাক করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। ঘুম ভেঙে ভ্যাবাচ্যাকা খেয়ে আমরা পড়ে যাই ঝাঁঝাঁলো ধোঁয়ার ভেতর। ধোঁয়ায় নিঃশ্বাসও নেওয়া যাচ্ছিল না। রুমের ভেতরে থাকতে না পেরে আমাদের রুমের আট বাসিন্দাই ঝুল ব্যালকনিতে গিয়ে কোনও রকমে চাপাচাপি করে দাঁড়াই। আবু বকরও ছিল আমাদের সঙ্গে। সেসময় ওপরের ৫০৩ নম্বর কক্ষের ব্যালকনি থেকে পুলিশ আমাদের লক্ষ্য করে একটি টিয়ার শেল মারে। এ সময়ই ব্যালকনিতেই লুটিয়ে পড়ে আবু বকর।"
তিনি বলেন, "আমরা তাকে রুমের ভেতরেও আনতে পারছিলাম না। প্রচণ্ড ধোঁয়ায় ভরে ছিল পুরো রুম, নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। আমাদের অনেকেই নিজেদের বাঁচাতে এদিক ওদিক ছুটছিলাম। কিন্তু কিছু করার ছিল না। রুমে যাওয়া যায় না, ব্যালকনিতে অনবরত টিয়ারশেল মারছে পুলিশ। ব্যালকনিতেই কিছু সময় পড়ে ছিল বকর।
"সে অবস্থাতেই আমরা মুখে কাপড় পেঁচিয়ে ধোঁয়া থেকে বাঁচার চেষ্টা করছিলাম। পরে আমরা যখন বুঝলাম বকরের অবস্থা খারাপ আমরা তাকে ধরে রুমের ভেতরে নিয়ে এসে বিছানায় শুইয়ে রাখি। আমাদের ফ্লোর থেকে তখন পুলিশ চলে গেছে। কিন্তু নিচের ফ্লোরগুলোতে ছাত্রদের ধরতে ঘোরাঘুরি করছিল পুলিশ।
"এর একটু পরে ৪০৩ নম্বও কক্ষের ছেলেরা আমাদের রুমের বাইরে আগুন জ্বালায়। আমরাও গিয়ে সেই আগুনের পাশে দাঁড়াই। তখনও বিছানায় পড়ে ছিল বকর।
"এরপর পরিস্থিতি একটু শান্ত হয়ে এলে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। ততোক্ষণে আধঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে।"
৪০৩ নম্বও কক্ষের একজন ছাত্র জানান, সেই কক্ষের ঝুল ব্যালকনিতে দাঁড়িয়ে ৫০৩ নম্বর কক্ষ থেকে তিনি পুলিশকে টিয়ার শেল নিক্ষেপ করতে দেখেছেন।
৪০৩ নম্বর কক্ষের বাসিন্দা সমাজ কল্যাণ মাস্টার্সের ছাত্র রাফি রহমান জানান, তিনি ৫০৩ নম্বর কক্ষে তার বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছেন সেই কক্ষে ঢোকার আগে জানালার কাঁচ ভেঙে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এরপর রুমে ঢুকে প্রথমে রুমের বাসিন্দা কামরুলকে মারতে শুরু করে। জীবন বাঁচাতে রুমের বাসিন্দা আমিনুর রহমান বিপ্লব, উজ্জ্বল, জাহিদুর রহমানসহ অন্যান্যরা ব্যালকনিতে আশ্রয় নেন। পুলিশ সেখানেও হামলা চালায়। পুলিশের হাত থেকে বাঁচতে বিপ্লব, জাহিদ ও উজ্জ্বল কার্নিশ লক্ষ্য করে লাফ দেয়। কিন্তু ঠিক কার্নিশে না পড়ে তারা নিচে পড়ে যায়। আহতাবস্থায় এরা সবাই এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ব্যালকনিতে দাঁড়িয়েই নিচের ৪০৪ নম্বর কক্ষের ব্যালকনি লক্ষ্য করে টিয়ারশেল ছুঁড়ে পুলিশ।
পুলিশ ও কর্তৃপক্ষের বক্তব্য..
এফ রহমান হলে পুলিশের টিয়ারশেল লেগে আবু বকর আহত হয়েছিলেন- প্রত্যক্ষদর্শীদের এরকম বর্ণনার বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা জোনের উপ-কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, "পরিস্থিতি সামাল দিতেই সেদিন কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল। তবে পুলিশের কাঁদানে গ্যাস তার গায়ে লেগেছিল কি না বিষয়টি এখনও নিশ্চিত নয়। কারা ওইদিনের ঘটনায় জড়িত ছিল, কীভাবে আবু বকরের মৃত্যু হয়েছে সবকিছু তদন্তে বেরিয়ে আসবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ বলেন, "আমি যেটুকু জানতে পেরেছি তাতে মনে হয়েছে, সে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ওপর থেকে কেউ পাথর অথবা লোহার রড ছুঁড়ে মারলে তা আবু বকরের মাথার পেছনে লাগে। এতে সে আহত হয়।"
টিয়ার গ্যাসের আঘাতে আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "পুলিশ আমাকে বলেছে টিয়ারশেলের আঘাতে আবু বকর আহত হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/জেএফ/জিএনএ/২২০০ ঘ.
bdnews24