ঢাকা ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর সিদ্দিকের মৃত্যু পুলিশের টিয়ার সেলের আঘাতে হয়নি বলে দাবি করেছেন মহানগর পুলিশের এক কর্মকর্তা।
রমনা অঞ্চলের উপ কমিশনার কৃষ্ণ পদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-র কাছে দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এ গুজব ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, "নিহত ছাত্রের মাথায় যে ক্ষতের সৃষ্টি হয়েছে, তা টিয়ার সেলের আঘাতে সম্ভব নয়। সেলের মূল খোলটি অস্ত্রের ভেতরেই থাকে। যেটি বের হয়ে ধোঁয়া ছড়ায় সেটি মাথায় লাগলেও এমন ক্ষতসৃষ্টি হওয়া সম্ভব নয়। শুধু মাথার চুল পুড়ে যেতে পারে।"
আবু বকরের মৃত্যু পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সেলের আঘাতে হয়ে থাকতে পারে বলে এক চিকিৎসক ইঙ্গিত করার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
কৃষ্ণ পদ রায় জানান, ঘটনার সময় আবু বকর চার তলায় ছিল। পুলিশ নিচতলা থেকে টিয়ার সেল ছুড়ে। কাছাকাছি থেকে পুলিশ কখনই টিয়ার সেল ছোড়েনি।
সোমবার রাতে এ এফ রহমান হলে ছাত্রলীগের সংঘর্ষের সময় আহত ইসলামের ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর বুধবার সকালে মারা যান। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/২০০৫ ঘ.
bdnews24