২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজলাস ভাংচুর মামলায় ২ আইনজীবী খালাস

প্রধান বিচারপতির এজলাস ভাংচুরের মামলায় খালাস পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী এবং আওসাফুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 08:01 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির এজলাস ভাংচুরের মামলায় খালাস পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী এবং আওসাফুর রহমান। তাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য না থাকায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ বুধবার খালাসের রায় দেন। সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানির সময় ২০০৬ সালের ৩০ নভেম্বর ওই এজলাস ভাংচুরের ঘটনা ঘটে। আদালতের রায়ে বলা হয়েছে, অভিযোগ গুরুতর হলেও রাষ্ট্রপক্ষের সাক্ষী আদালতের পক্ষ নিয়ে কোনো বক্তব্য না দেওয়ায় অভিযুক্তদের খালাস দেওয়া হলো। আদেশের পর সুব্রত চৌধুরী এবং আওসাফুর রহমান বলেন, রাজনৈতিক কারণেই তাদের বিরুদ্ধে এ 'মিথ্যা' মামলা দায়ের করা হয়েছিলো। এর আগে মামলার বাদি সুপ্রিম কোর্টের তৎকালীন কিপার রফিকুল ইসলাম মামলাটি প্রমাণ করতে নিজের পক্ষে সাক্ষ্য না দিলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে 'বৈরী' ঘোষণা করে। রাষ্ট্রপক্ষের অন্য ছয় সাক্ষীও আদালতে বলেন, তারা ঘটনা নিজের চোখে দেখেননি এবং সেদিন আদালতে কী হয়েছিলো তা বলতে পারবেন না। শাহবাগ থানায় দায়ের করা এ মামলায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ বেশ কয়েকজনকে আসামি করা হলেও গত বছরের ৬ জানুয়ারি শাহবাগ থানার উপপরিদর্শক নাজিম মোল্লা শুধু সুব্রত এবং আওসাফুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৩৫৫ ঘ.