চাঁদপুর, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনগণ।
সকাল ১১টার দিকে হাজীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহত ব্যক্তি হলেন ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও এলাকার খাজে আহমদের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।
তিনি বলেন, "সকালে কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ নামের একটি যাত্রীবাহী বাস আলীগঞ্জ এলাকায় একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। এ দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী মফিজ শেখ (৩০) আহত হন।"
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে বাস ও বাস চালককে আটক করতে পারেনি পুলিশ।
আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৩২৫ ঘ.
bdnews24