ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বই আসতে শুরু করেছে বইমেলার দ্বিতীয় দিন। মঙ্গলবার এসেছে ৩৭ টি নতুন বই।
তবে লক্ষণ বলছে দর্শকসংখ্যা ,নতুন প্রকাশনা সব মিলিয়ে প্রতি বছরের মতো মেলা জমে উঠতে এবারো এ সপ্তাহ চলে যাবে।
মঙ্গলবার আসা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে আগামী প্রকাশনীর হুমায়ুন আজাদের 'ভাষা শিক্ষা ও ভাষা বিজ্ঞান পরিচিতি', ড. ইনামুল হকের 'মুক্তিযুদ্ধ নাটক সমগ্র', অনুপম প্রকাশনীর মুহম্মদ জাফর ইকবালের 'ভূত সমগ্র', অন্য প্রকাশের ইমদাদুল হক মিলনের 'শ্রাবণ সন্ধ্যাটুকু এবং সৈয়দ মনজুরুল ইসলামের 'আজগুবি রাত'।
নতুন ৩৭ বইয়ের মধ্যে উপন্যাস ৭টি, প্রবন্ধ ৩টি, কবিতা ৫টি, ছড়া ২টি, জীবনী ৩টি, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ বিষয়ক ২টি, নাটক ১টি, রাজনীতি ১টি, রম্য ২টি এবং অন্যান্য ১০টি।
অন্যান্যবারের মতোই মেলা শুরু হয়ে গেলেও সবার স্টল সাজানো শেষ হয়নি। এ নিয়ে প্রথম দিন মেলায় আসা লোকজনের পাশাপাশি অনেক প্রকাশকও সমালোচনামুখর ছিলেন। এর প্রতিক্রিয়ায়ই হয়তো কেউ স্টল সাজাতে দেরি করলে আয়োজক কমিটি প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার। মেলার সৌন্দর্য রক্ষাই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে মেলা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ৭ ফেব্র"য়ারির মধ্যে কোন স্টল সাজানো শেষ না হলে সংশ্লিষ্ট স্টল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই বইমেলার প্রকৃতি নষ্ট হতে দেওয়া হবেনা।"
এদিকে ২০০৯ সালে প্রকাশিত বইয়ের মধ্য থেকে সেরা গ্রন্থের জন্য প্রকাশককে 'চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার' প্রদান করা হবে।
স্থানীয় প্রকাশনা শিল্পের পথিকৃৎ হিসাবে পরিচিত প্রয়াত চিত্তরঞ্জন সাহা দেশের এক সময়ের বৃহত্তম প্রকাশনা সংস্থা মুক্তধারা প্রকাশনীর কর্ণধার ছিলেন।
এ ব্যাপারে মুক্তধারার জহর লাল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,' অনেক দিন পরে হলেও চিত্তরঞ্জন সাহা স্মৃতি পদক ঘোষণা করায় আমি আনন্দিত। এটি অবশ্যই বড় মাপের সম্মান। এতে প্রকাশকরা ভালো মানের বই প্রকাশে উৎসাহিত হবেন।'
মেলার দ্বিতীয় দিনে প্রাঙ্গন ধুলামুক্ত করতে বেশ করে পানি ছেটানো হয়। এতে অনেকস্থানে পানি জমেও যায়। পাবনা থেকে আসা রবিউল ইসলামের ধারণা হয়েছিল মেলায় বৃষ্টি হয়েছে! রাজধানীর এ প্রাণের উৎসবে এবারই প্রথম আসা তার।
দ্বিতীয় দিনে মেলা শুরু সময়ে দর্শক সমাগম ছিল কম। তবে সন্ধ্যার পর বেশ ভিড় জমে ওঠে। এছাড়া বই বিক্রির পরিমাণও আস্তে আস্তে বেড়েছে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থাগুলো।
মেলায় এবারও রয়েছে রক্তদান কার্যক্রম চালানো কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যে 'ভাষা শহীদ স্মরণে রক্তদান করুন' এ স্লোগান নিয়ে মাসব্যাপী রক্তদান কর্মসূচী শুরু করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। সংগঠনটি রক্তদাতাদের রক্তের পাঁচটি পরীক্ষা (এইচআইভি, হেপাটাইটিস-বি, সিফিলিস ও ম্যালেরিয়া) বিনামূল্যে করে দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/জেএফ/এসকে/২১৫৪ঘ.
bdnews24