২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি পুরোপুরি নিয়ন্ত্রণে: আইজিপি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনকে (জেএমবি) পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নুর মোহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 03:16 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনকে (জেএমবি) পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নুর মোহাম্মদ। রাজধানীতে সোমবার জেএমবি'র সাবেক সদস্য রাশিদুল ইসলামের হত্যাকাণ্ডকে তিনি 'বিচ্ছিন্ন ঘটনা' বলে আখ্যায়িত করেছেন। জেএমবির নীতির সমালোচনা করে দলত্যাগের পরই রাশিদুলকে প্রাণ দিতে হয়েছে বলে তার স্ত্রীর দাবি। পুলিশ প্রধান মঙ্গলবার বিকালে নগরীর দামপাড়ায় পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। বর্তমানে জেএমবি বা অন্য কোন জঙ্গি সংগঠনের 'সংগঠিত ও শক্তিশালী' নেটওয়ার্ক দেশে নেই বলেও মন্তব্য করেন আইজিপি। জঙ্গিবাদবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী র‌্যাব কর্তৃপক্ষও এ ধরণের দাবি করে আসছে। দেশের বিভিন্ন এলাকায় জঙ্গিদের যে 'সীমিত' কার্যক্রম ছিল তা পুলিশের তৎপরতার কারণে বন্ধ হয়ে গেছে মন্তব্য করে আইজিপি বলেন, "জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে, গ্রেপ্তার করে জেলে নিচ্ছে, অস্ত্র ধরছে। এরপর তাদের সংগঠিতভাবে কার্যক্রম পরিচালনার কোন সুযোগ নেই।" রাজধানীতে সন্দেহভাজন জেএমবি জঙ্গিরা ওই হত্যাকাণ্ড ঘটানোর একইদিন রাতে নাটোরের আওয়ামী লীগের এক নেতাকে অপহরণের সময় সাত জেএমবি জঙ্গিকে আটক করে পুলিশে দেয় জনতা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত সংঘাত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ বলেন, "রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে এ ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, এটা অতীতেও ছিল।" তবে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেনি বলে তিনি দাবি করেন। এর আগে আইজিপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সব প্রতিকূলতা মোকাবেলা করে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান। কাজের ক্ষেত্রে কোনপ্রকার শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে তিনি সাবধান করে দেন। পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১০৭ঘ.