ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণবন্তু যুক্তি-তর্কের মধ্য দিয়ে সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে আপিল আবেদনের শুনানি সোমবার শেষ হয়েছে।
মঙ্গলবার আদেশ দেবে আদালত।
৬ দিনের শুনানি শেষে সোমবার দুপুরে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ আদেশ দেওয়ার দিন ধার্য করে।
পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতে সরকার আপিল আবেদন প্রত্যাহার করে নিলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর সমর্থক তিন আইনজীবী আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। গত ১৯ জানুয়ারি এর শুনানি শুরু হয়।
৩ জানুয়ারি প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ সরকারের আপিল আবেদন প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে।
সোমবার শেষ দিনের শুনানিতে অংশ নিয়ে বিএনপি নেতা আইনজীবী মওদুদ আহমদ আদালতে বলেন, "হাইকোটের রায়ে বলা হয়েছিল, জিয়াউর রহমান শাসন ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু ওই সময় তিনি গৃহবন্দি ছিলেন। সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে তাকে মুক্ত করে ক্ষমতায় বসিয়ে ছিলেন। ক্ষমতায় এসে জিয়া সংবিধানও স্থগিত করেননি, মার্শাল ল জারি করেননি। এমনকি সংসদও বাতিল করেননি। এসব আগেই হয়েছে। এ জন্য জিয়া দায়ী নন।"
প্রথমে জেনারেল জিয়াউর রহমান ও পরে জেনারেল এইচ এম এরশাদের সামরিক শাসনামলের অন্যতম নীতিনির্ধারক এই আইনজীবী আদালতকে উদ্দেশ্য করে বলেন, "সুপ্রিম কোর্টের এমন কোনো রায় দেওয়া ঠিক হবে না। যার ফলে একটি রাজনৈতিক দলের ইচ্ছের প্রতিফলন ঘটে। এটি একটি রাজনৈতিক ইস্যু। আদালতের উচিত হবে না এই ইস্যুতে নিজেদের জড়াতে। তাহলে দেশে অস্থিরতা আরও বাড়বে। সংঘাতের পথ তৈরি হবে। দেশে অশান্তি সৃষ্টি হবে। এমনিতেই এ বিষয়টি নিয়ে জাতি বিভক্ত।"
মওদুদ বলেন, "পঞ্চম সংশোধনী বৈধতা দেওয়ার সময়ই সংবিধানে বলে দেওয়া হয়েছে, দেশের কোনো আদালতে এই সংশোধনী নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এখন তা নিয়ে প্রশ্ন তুলে সংসদের এখতিয়ার খর্ব করা হচ্ছে।"
আরেক বিএনপি নেতা ও আইনজীবী টি এইচ খান আদালতে বলেন, "সরকার আপিল প্রত্যাহার করায় আদালতের এখন কূল রাখি, না শ্যাম রাখির অবস্থা হয়েছে। আমাদের ক্রিকেট দল কুয়াশার কারণে বল দেখতে না পেরে খারাপ খেলেছে। ওই কারণে লঞ্চ, বাস-ট্রাকও চলেনি। তেমনি সরকারের আপিল প্রত্যাহারের ফলে আমাদের বিবেকও আজ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে।"
তিনি আরও বলেন, "সরকার গণভোট এড়াতেই সুপ্রিম কোর্টের সিল ব্যবহার করে হাইকোর্টের রায় বহাল রাখতে চাইছে। তারা সংসদেই বিষয়টার সুরাহা করতে পারতো। কিন্তু তা না করে আদালতকে ব্যবহার করছে।"
শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম আদালতে বলেন, "সংবিধান স্থগিত করার কোনও ক্ষমতা সংসদের নেই। আবার স্থগিত রাখা সংবিধানের অনুমোদন দেওয়ারও ক্ষমতা সংসদের নেই। অথচ পঞ্চম সংশোধনীর মাধ্যমে তাই করা হয়েছে। আগে সামরিক ফরমান অনুমোদন দিয়ে পরে মার্শাল ল প্রত্যাহার করা হয়েছে। এটা অবৈধ।"
তিনি আরও বলেন, "পঞ্চম সংশোধনীকে বৈধতা দিতে তারা চতুর্থ সংশোধনীর দোহাই দিচ্ছে। কিন্তু গত ২১ বছরের সামরিক সরকারগুলো ওই সংশোধনীর একদলীয় রাষ্ট্রব্যবস্থা ছাড়া অন্য সব ক্ষমতাই ভোগ করেছে।"
শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "আবেদনকারীদের পক্ষে বলা হয়েছে, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ সংবিধানের মূল স্তম্ভ নয়। কিন্তু ১৯৭২ সালে সংসদের প্রথম অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণে এবং সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সংবিধানের মূল কাঠামো গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ।"
তিনি আরও বলেন, "হাইকোর্ট পঞ্চম সংশোধনী বাতিল করে যে রায় দিয়েছে, তা একটি ঐতিহাসিক রায়। এই রায়ে সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশ একটি সভ্য দেশ হিসেবে স্বীকৃত হয়েছে। ৭৫' সালে তারা ক্ষমতা দখল করেছে। সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি অথবা স্পিকারের দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু তা লংঘন করে অবৈধবভাবে খন্দকার মুশতাক, এএম সায়েম এবং জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছেন।"
মাহবুবে আলম আরও বলেন, "১৯৭৯ সালের ৫ এপ্রিল সংসদে পঞ্চম সংশোধনী পাশ করা হয়েছিল ৯ এপ্রিল পর্যন্ত সামরিক শাসনের বৈধতা দিয়ে। পরের দিন অর্থাৎ ৭ তারিখেই সামরিক শাসন প্রত্যাহার করা হয়েছিল। সুতরাং সামরিক শাসন চলাকালে সংশোধন করা সংশোধনী বৈধ হতে পারে না।"
সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট।
সে দিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার।
বর্তমান সরকার ওই আপিলের আবেদন প্রত্যাহার করে। এ প্রক্রিয়া চলাকালে খোন্দকার দেলোয়ার ও জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন।
হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দেয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলেও হাইকোর্টের ওই রায়ের অভিমত দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৭০০ ঘ.
bdnews24