চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় রোববার রাতে আগুনে পুড়ে একই পরিবারের চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান।
নিহতরা হলেন, মো. বাবুলের স্ত্রী রাজু আক্তার (৩৫), কন্যা সাথী মনি (৫) এবং তিন ছেলে সাইফুল ইসলাম (১০), শরীফুল ইসলাম (৩) ও সাকিবুল ইসলাম (৭ মাস)।
হাটহাজারি থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে কাটাখালি এলাকার আলী আহমদ নামে এক ব্যক্তির বাড়িতে রান্নার চুলা থেকে আগুন লাগে। পরে তা পার্শ্ববর্তী বাবুল ও শুক্কুরের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে বাবুলের পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।"
এসময় বাবুল বাড়িতে ছিলেন না।
পরে দমকল বাহিনীর কর্মীরা এসে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাবুলের বাড়ি বেড়ার হওয়ায় এবং আগুন লাগার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী বুঝতে না পারায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/১০১২ ঘ.
bdnews24