ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা ক্ষত রেখে গেছে ২০১০ সালে। এর মধ্যে বড় দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ছিলো। সড়ক দুর্ঘটনার পাশাপাশি ছিলো দুটি রেল দুর্ঘটনাও। নৌদুর্ঘটনায়ও প্রাণ হারিয়েছেন অনেকে।
নিমতলীতে অগ্নিকাণ্ড
পুরনো ঢাকার নিমতলীতে গত ৩ জুন অগ্নিকাণ্ডে নিহত হয় প্রায় দেড়শ জন। আহত হয় দেড় শতাধিক। আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে ট্রান্সফরমার ফেটে ওই আগুনের সূত্রপাত হয়। বিয়ের অনুষ্ঠানের জন্য রান্নার সময় ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। আশপাশের কাগজের দোকান, জুতা ও প্লাস্টিক সামগ্রীর কারখানার দাহ্য পদার্থে আগুন লেগে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। নিমতলীর অগ্নিকাণ্ড পুরনো ঢাকায় ঝুঁকিপূর্ণ বসবাসের একটি চিত্রই তুলে ধরে।
বেগুনবাড়িতে ভবন ধস
নিমতলীর অগ্নিকাণ্ডের একদিন আগেই রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। এতে নিহত হয় ২৫ জন। গত ২ জুন প্রথম প্রহরে ওই ভবনটি ধসে পাশের বস্তির ওপর পড়ে।
হা-মীম কারখানায় আগুন
সাভারের আশুলিয়ার নরসিংহপুরে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি একে আজাদের 'দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার' নামের বহুতল কারখানায় আগুন লাগে গত ১৪ ডিসেম্বর। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়। তবে নিহতের সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ নিখোঁজ রয়েছেন অনেক শ্রমিক।
সুনামগঞ্জে নৌকাডুবি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে গত ১৮ ডিসেম্বর সংঘর্ষের পর ডুবে যায় যাত্রীবাহী ও বালুবাহী দুটি নৌকা। এতে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নয়টি শিশু ছিলো।
সাভারে বাস নদীতে
প্রায় অর্ধশত যাত্রী বহনকারী একটি বাস গত ১০ অক্টোবর ঢাকার সাভার উপজেলার আমিনবাজারে সালেপুর সেতুর কাছে তুরাগ নদীতে ডুবে যায়। দুর্ঘটনার প্রায় ২৫ ঘণ্টা পর নদীতলে বাসটি সনাক্ত করে ডুবুরীরা। ৫৪ ঘণ্টা পর বাসটি তোলা হয়। বাসের ১৩ যাত্রীর লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অনেকে।
গাজীপুরে কারখানায় আগুন
গাজীপুরের গরীব এন্ড গরীব সোয়েটার কারখানায় গত ২৫ ফেব্র"য়ারি অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ২১ শ্রমিকের। সদর উপজেলার ভোগড়া এলাকার ওই কারখানায় নিহতদের কেউই অগ্নিদগ্ধ হননি। ধোঁয়া বের হওয়ার পথ না থাকায় শ্রমিকরা এর শিকার হয়ে মারা গেছেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
নরসিংদীতে দুই ট্রেনের সংঘর্ষ
নরসিংদী রেল স্টেশনে গত ৮ ডিসেম্বর মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের। চট্টলা এক্সপ্রেস এবং মহানগর গোধূলি এক্সপ্রেসের ওই সংঘর্ষে ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এর মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা
গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে নিহত হন সাতজন। লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় রেল লাইনের পাশেই বিএনপির জনসভা চলছিলো, যেখানে বক্তব্য রাখেন খালেদা জিয়া। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রেন ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বরিশালে বিধ্বস্ত হয়ে গত ২০ ডিসেম্বর দুই বৈমানিকের মৃত্যু হয়। এ বছর এর আগে পতেঙ্গায়ও বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তবে বৈমানিক বেঁচে যান। এছাড়া সিরাজগঞ্জে ফ্লাইং ক্লাবের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন এক বৈমানিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/পিডি/২০১৩ ঘ.
bdnews24