২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট কারাগারে অনশন, দুপুরে ভঙ্গ

নিম্নমানের খাবার পরিবেশন, কারারক্ষক (জেলার) ও কর্মচারীদেরে দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ এনে এর প্রতিবাদে বাগেরহাট কারাগারের বন্দিরা অনশন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 02:33 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

বাগেরহাট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিম্নমানের খাবার পরিবেশন, কারারক্ষক (জেলার) ও কর্মচারীদেরে দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ এনে এর প্রতিবাদে বাগেরহাট কারাগারের বন্দিরা অনশন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে ৬৫৪ জন হাজতি ও কয়েদী আমরণ অনশন শুরু করেন। তারা সকালের খাবার না খেয়ে বিক্ষোভ শুরু করেন বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে দুপুরে যশোর থেকে ভারপ্রাপ্ত উপ কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. বজলুর রশিদ বাগেরহাট কারাগারে ছুটে আসেন। তিনি দরবার বসিয়ে বন্দিদের দাবি পূরণের আশ্বাস দিয়ে দুপুরে অনশন ভঙ্গ করান। সন্ধ্যায় পর্যন্ত তিনি কারা কর্মকর্তাদের নিয়ে সভা করছিলেন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট পঙ্কজ কুমার রায় সাংবাদিকদের জানান, সকাল থেকে বন্দিরা খাবার গ্রহণ বন্ধ করে দেয়। খবর পেয়ে দুপুর ১টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন বজলুর রশীদ কারাগারে আসেন। তিনি বন্দিদের নিয়ে দরবার বসিয়ে তাদের সমস্যার কথা শোনেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নিজে এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোকুল কৃৃষ্ণ ঘোষ সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তা বলেন, ডিআইজি প্রিজন বন্দিদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে দুপুরের খাবার খাইয়ে অনশন ভঙ্গ করান। বাগেরহাট জেলা কারাগারসহ জেলা প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে দরবার চলাকালে ডিআইজি (প্রিজন) বজলুর রশীদ আলাদা ডেকে নিয়ে ১০/১২ জন বন্দির সাক্ষ্য নেন। এ সময় বন্দিরা কারারক্ষক দেবদুলাল কর্মকারসহ কয়েকজন কারা কর্মচারীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন এবং তাদের প্রত্যাহারের দাবি জানান। ওই কর্মকর্তারা জানান, বন্দিদের অভিযোগের মধ্যে আরো রয়েছে- কারাগারের ভেতরের ক্যান্টিনে প্রতিটি খাদ্যপণ্য খোলা বাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা, কারাগারের খেলার মাঠে সবজি চাষ করায় খেলাধূলা করতে না পারা প্রভৃতি। বন্দিদের অভিযোগ বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট কারাগারের জেলার দেবদুলাল কর্মকারের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। পরে কারাগারে টেলিফোন করা হলে বিপ্লব নামের একজন নিজেকে কারারক্ষী পরিচয় দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মকর্তারা বৈঠক করছেন। সভা শেষ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হবে না। তিনি জানান, কারাগারে বন্দির সংখ্যা ৬৫৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.