২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫তে চাহিদার ৯৮% পূরণের আশা চট্টগ্রাম ওয়াসার

২০১৫ সালে চট্টগ্রাম নগরীতে চাহিদার প্রায় পুরো পানি সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে চট্টগ্রাম ওয়াসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৫ সালে চট্টগ্রাম নগরীতে চাহিদার প্রায় পুরো পানি সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে চট্টগ্রাম ওয়াসা। নগরীর একটি রেস্টুরেন্টে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ জানান, বর্তমানে পানি সরবরাহে তিনটি প্রকল্পের কাজ চলছে। তিনি বলেন, "২০১৫ সালে নগরীতে পানির মোট চাহিদা হবে ৫৭ কোটি লিটার। ওই তিনটি প্রকল্পের কাজ শেষ হলে মোট উৎপাদন দাঁড়াবে ৫১ কোটি পাঁচ লাখ লিটার। তখন প্রায় ৯৮ শতাংশ চাহিদা পূরণ করা সম্ভব হবে।" 'কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পে'র সি-৩ প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কোলোন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তি হয় বৃহস্পতিবার। ফজলুল্লাহ জানান, ১৩ কোটি ছয় লাখ লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ ২০১৩ সালের মধ্যে শেষ হবে। পাশাপাশি ২০১৪ সালে নয় কোটি লিটার উৎপাদন ক্ষমতার মোহরা পানি শোধনাগার প্রকল্প এবং ২০১৫ সালের মধ্যে আরো নয় কোটি লিটার ক্ষমতার মদুনাঘাট প্রকল্পের কাজ শেষ হবে। ওয়াসার হিসাব অনুযায়ী বর্তমানে চট্টগ্রাম নগরীতে পানির চাহিদা ৫০ কোটি লিটার। এর বিপরীতে ওয়াসা গড়ে ২১-২২ কোটি লিটার পানি সরবরাহ করতে পারে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পক্ষে স্বাক্ষর করেন একেএম ফজলুল্লাহ এবং কোলোন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ড. ইলিয়ট জে প্যাক। ১৯৯৮ সালে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু হয়ে শেষ হয় ২০০৬ সালে। ২০১০ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে এখনো প্রকল্পের কাজই শুরু হয়নি। শুরুতে এ প্রকল্পের ব্যয় ধরা হয় নয়শ ৬৩ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দুশ ৭৩ কোটি টাকা এবং জাইকা বাকি ছয়শ ৯০ কোটি টাকা দেয়ার কথা ছিল। এ বিষয়ে ২০০৬ সালের ২৯ জুন একটি চুক্তি হয়। দেরির কারণে প্রকল্পটির মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার সাতশ কোটি টাকায়। বৃদ্ধি পাওয়া সাতশ ৩৭ কোটি টাকা ব্যয় এখন সরকার নির্বাহ করবে বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯৪১ ঘ.