২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আগুনে পুড়েছে ৩টি প্লাস্টিক কারখানা

ঢাকার কামরাঙ্গীরচরে তিনটি প্লাস্টিক কারখানা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 10:15 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কামরাঙ্গীরচরে তিনটি প্লাস্টিক কারখানা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। বিদ্যুতের ট্রান্সমিটার থেকে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় এ আগুন ছড়ায় বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনী আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া কারখানাগুলো হলো- মিম প্লাস্টিক, যাওয়াদ প্লাস্টিক ও ফয়সল প্লাস্টিক। কারখানাগুলো সরু গলিতে হওয়ায় আগুন নেভানোর কাজ করতে বেগ পেতে হয় বলে জানিয়েছেন দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মানিকুজ্জামান। স্থানীয়রা জানায়, রহমতবাগের ম্যাচ ফ্যাক্টরির গলিতে দুপুরে ট্রান্সমিটার থেকে একটি ছোট ফুলকি দেখা। এর আধ ঘণ্টা পর পাশাপাশি দুটি ট্রান্সমিটার বিস্ফোরিত হলে নিচের কারখানা তিনটিতে আগুন ধরে যায়। দমকল কর্মকর্তা মানিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনের খবর পেয়েই দমকল বাহিনী যায়। তবে সরু রাস্তার ওপর আবার বড় বড় পলিথিনের বস্তা এবং বিভিন্ন প্রকারের সামগ্রী থাকায় দমকল বাহিনীর গাড়ি ঢুকতে দেরি হয়। তিনি বলেন, "ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে এ সময়ের মধ্যে তিনটি কারখানা পুড়ে যায়।" স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে ট্রান্সমিটার থেকে ফুলকি বের হলে তা নিভিয়ে ফেলা হয়। কিন্তু তারপরই বিস্ফোরণ ঘটে। কামরাঙ্গীরচরের ঘনবসতিপূর্ণ ওই এলাকায় অনেক কারখানা রয়েছে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপর্যয় হতে পারে বলে শঙ্কা রয়েছে এলাকাবাসীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএম/এমআই/১৬১০ ঘ.