২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার আদালতে মাহমুদুরের হাজিরা

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কক্সবাজারের আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

কক্সবাজার, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কক্সবাজারের আদালতে হাজির করা হয়েছে। মানহানির একটি মামলায় বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে কক্সবাজার জেলা কারাগার থেকে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে আনা হয়। এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য্য ছিলো। বিচারক শাহেদুল করিম উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেন। বাদীপক্ষের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আগামী ৯ মার্চ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য্য করে আদলত। মঙ্গলবার রাত পৌনে ১১টায় মাহমুদুরকে পুলিশ পাহারায় একটি সাদা মাইক্রোবাসে করে কক্সবাজার জেলা কারাগারে আনা হয়। গাড়ি থেকে নেমে কারা ফটকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর অভিযোগ করেন, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কক্সবাজার আনার পথে তাকে সাড়ে ১৩ ঘণ্টা তাকে কিছুই খেতে দেওয়া হয়নি। কক্সবাজার কারাগারের কারারক্ষক (জেলার) মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, "কারাগারে মাহমুদুরকে তার যোগ্যতা অনুযায়ী সম্মান দেখানো হবে।" শুনানির সময় কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ বিএনপি সমর্থক কয়েকজন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। মাহমুদুরের বিরুদ্ধে মানহানির মামলাটি করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির ছোট ভাই আবদুল আমিন। আমার দেশ পত্রিকায় 'দিনবদলের চাঁদাবাজি' শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর ওই মামলাটি হয়। মামলায় মাহমুদুর ছাড়াও পত্রিকার প্রকাশক মোহাম্মদ হাসমত আলী ও প্রতিবেদক জাহেদ চৌধুরী বিবাদি। মাহমুদুর রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম সিদ্দিকীসহ অর্ধশতাধিক আইনজীবী। বাদির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও রফিক উদ্দিন। অন্যদিকে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নেতৃত্ব প্রায় দেড় ঘন্টা মানববন্ধন করা হয়েছে। এতে জেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সাংবাদিক ইউনিয়ন, আমার দেশ পাঠক মেলার সদস্যরা অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৭১৪ ঘ.