২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন গীর্জার ছাদ ভেঙে শ্রমিক নিহত

বান্দরবানে নির্মাণাধীন একটি গীর্জার তিনতলার ছাদ ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 10:30 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

বান্দরবান, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে নির্মাণাধীন একটি গীর্জার তিনতলার ছাদ ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান জানিয়েছেন, বুধবার দুপুরে শহরের জাদিপাড়া এলাকার এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন। তাদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সেলিম খান (৪০) শহরের ওয়াপদা ব্রিজ এলাকার বাসিন্দা। আহত মিলন, মোস্তফা, ছাইদুল, জয়নাল, লিটু হানিফ, শাহজাহান (মাঝি), নিজাম, শাহজাহান মিয়া, ফোরকান, জামাল উদ্দিন, হাবিবুর রহমান, আবদুল কুদ্দুছ, দুলাল আহমেদ, মনির হোসেন, মিজানুর রহমান, আমিন ও আবুল হোসেন সিকদরকে বান্দরবানের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শহরের আর্মিপাড়া, মধ্যমপাড়া ও ওয়াপদা ব্রিজ এলাকার বাসিন্দা। ডিসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাদিপাড়া এলাকার দুইতলা ফাতিমা রাণী গীর্জা তিনতলা করার কাজ চলছিলো। বুধবার দুপুর ১টার দিকে তিনতলার ছাদ দোতলায় ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে সেলিম মারা যান। তিনি বলেন, খবর পেয়ে দমকল ও সেনা বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করেন। ছাদ ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে তিনি জানান। ঘটনা তদন্তে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জামানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য ও বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম জানিয়েছেন, বুধবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। নিহতের লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমইউএস/এজে/১৬২৩ ঘ.