২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণাকুণ্ডুতে মেয়রপ্রার্থীকে মারধর, শৈলকূপায় বাড়িতে হামলা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থীর ওপর হামলা হয়েছে। অন্যদিকে শৈলকূপায় ভাংচুর হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 07:31 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থীর ওপর হামলা হয়েছে। অন্যদিকে শৈলকূপায় ভাংচুর হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়ি। পৌর নির্বাচনকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় এ দুটি সহিংস ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আগামী ১৩ জানুয়ারি দুটি পৌরসভায়ই ভোটগ্রহণ হবে। প্রতীক বরাদ্দের পর এখন জোর প্রচারণা চালাচ্ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে হরিণাকুণ্ডু পৌর বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী জিন্নাতুল হক খান মারধরের শিকার হন। জিন্নাতুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টায় তিনি চিথলীয়াপাড়ায় নির্বাচনী প্রচার চালাতে গেলে তার ওপর হামলা হয়। জিন্নাতুল অভিযোগ করেছেন, তাকে লোহার রড দিয়ে পেটানো হয়। আওয়ামী লীগের সমর্থকরা তার ওপর হামলা চালায় বলে দাবি করেছেন তিনি। শৈলকূপা থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শৈলকূপা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং মেয়রপ্রার্থী কাজী আশরাফুল আযমের কাজীপাড়ার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ওসি বলেন, একই এলাকায় থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়বুর রহমান খান মেয়র প্রার্থী হয়েছেন। আযমের বাড়িতে হামলার ঘটনায় তৈয়বুরের সমর্থকরা করে থাকতে পারে। একই রাতে শ্যামপুর গ্রামের ঝন্টু, শরিফুল ইসলাম মাস্টার, মজুমদার পাড়ার আব্দুর রহিম নামে কয়েকজনের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৩৩০ ঘ.