ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েতের নিয়োগনীতি উদার করতে এবং বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি নিয়োগের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে কুয়েতের নতুন নিযুক্ত রাষ্ট্রদূত আলী আহম্মেদ ইব্রাহীম আল দুফাইরী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী ড্রেজার কেনা এবং কর্ণফুলী নদীগর্ভে টানেল ও ঢাকায় ফ্লাইওভার নির্মাণে কুয়েতের আর্থিক সহায়তা প্রত্যাশা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাতে শেখ হাসিনা বাংলাদেশের শ্রমিকদের পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার কথা বিবেচনা করে শ্রমিক নিয়োগের ব্যাপারে উদারনীতি গ্রহণ করতে কুয়েতের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার ২০০০ ও ২০১০ সালে কুয়েত সফরের কথা উল্লেখ করে বলেন, অচিরেই কুয়েতের আমীর বাংলাদেশ সফর করবেন বলে আমরা আশা করছি।
কুয়েতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, "কুয়েত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে।"
শেখ হাসিনা কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার দায়িত্ব পালনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা অহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৫০ ঘ.
bdnews24