ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে একজন পুলিশ কনস্টেবলসহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণখান থানার ওসি লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কনস্টেবল আব্দুর রহমান (২৫) মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) নিয়োজিত ছিলেন।
ওসি বলেন, "আলামাত দেখে মনে হচ্ছে তাকে ছুরিকাঘাত করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।"
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শুভ আবাসিক হোটেলের ছয়তলার ৬০৮ নম্বর কক্ষ থেকে আব্দুর রহমান
এবং শহীদ (৩৪) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। শহীদের মৃতদেহ চাদর দিয়ে ফ্যানের সঙ্গে ঝোলানো ছিলো।
শহীদ রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান পদ্মা অয়েলের সাভার শাখায় চাকরি করতেন।
ওসি লোকমান হোসেন বলেন, "কনস্টেবল রহমানকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত। তবে শহীদকে হত্যা করা হয়েছে নাকি সে কনস্টেবল রহমানকে মেরে আত্মহত্যা করেছে, সেটা বোঝা যাচ্ছে না।"
ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও ছোড়া উদ্ধার করা হয়েছে।
হোটেলের কর্মচারীরা পুলিশকে জানায়, রহমান ও শহীদ সোমবার রাত ৯টার দিকে এই কক্ষটি ভাড়া নেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই কক্ষে কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/২২১৯ ঘ.
bdnews24