মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ শহরের নতুনগাঁও এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে।
এদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ওই এলাকার আনু দেওয়ান ও আল আমিন মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
দুই পক্ষের হামলা পাল্টার হামলার সময় নতুনগাঁও মোড়ের চারটি দোকান ভাংচুর হয়।
আহতদের মধ্যে আছে- দীপা (১৩), বুলি (১৫), শরীফ (১৪), সখিনা (২৭), মুন্নী (১৫), আলেয়া (২৪), আঙ্গুরী (২১), আক্কাস (৩৫) ও মফিজ (২০)।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সন্ধ্যায় আনুর ছেলে দেলোয়ারের সঙ্গে আল আমিনের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আনুর লোকজন আল আমিনের বাাড়িতে হামলা চালায়। এদের বাড়ির কয়েকজন আহত হয়।
পরে আল আমিনের লোকজন সংঘবদ্ধ হয়ে আনুর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, সংঘর্ষের পর আনু দেওয়ানের পক্ষের শতাধিক নারী-পুরুষ রাতে মিছিল নিয়ে থানার সামনে ও প্রেসক্লাব চত্ত্বরে বিক্ষোভ করে।
এর আগেও আনু ও আল আমিনের লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24