২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিমানবাহিনীতে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত হবে'

প্রধানমন্ত্রী বলেছেন, বিমানবাহিনীকে শক্তিশালী, দক্ষ ও আধুনিক করতে বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজন এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, বিমানবাহিনীকে শক্তিশালী, দক্ষ ও আধুনিক করতে বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজন এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া চলছে। সোমবার যশোরে বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার ইতিমধ্যে বাংলাদেশ বিমানবাহিনীতে প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংযোজনের ব্যবস্থা নিয়েছে। "এছাড়া দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো বিশেষ করে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিমানবাহিনী ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।" ঘাঁটির নির্মাণ কাজ শিগগিরই শুরু করা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বিমান বাহিনীর সদস্যদের ফ্লাইং পে, বীমা ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেন, "১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা ফ্লাইং পে নয়'শ টাকা থেকে তিন হাজার টাকায় উন্নীত করেছিলাম। এখন থেকে ফ্লাইং পে পাঁচ হাজার টাকা দেওয়া হবে।" বিমানবাহিনীর সদস্যদের বীমা ভাতা দুই লাখ টাকা বাড়িয়ে ১২ লাখ টাকা করারও ঘোষণা দেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীর ২২তম ফ্লাইট ক্যাডেট কোর্স ও নবম স্পেশাল শর্ট সার্ভিস কমিশন কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে শীতকালীন গ্রাজুয়েশন কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শেখ হাসিনা। তিনি ফ্লাইট ক্যাডেটদের পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে একাডেমি এলাকায় চার তলাবিশিষ্ট 'বঙ্গবন্ধু কমপ্লেক্স'র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্লাইট ক্যাডেট আন্ডার অফিসার মো. ফাবে-উজ-জামান ৬২তম ফ্লাইট ক্যাডেট কোর্সে কৃতিত্বের জন্য সোর্ড অব অনার এবং উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি লাভ করেন। ফ্লাইট ক্যাডেট সার্জেন্ট মোস্তফা কামাল ইমরান জেনারেল সার্ভিস প্রশিক্ষণের জন্য কমান্ড্যান্টস ট্রফি এবং ৬২তম ফ্লাইট ক্যাডেট কোর্সে সেরা কৃতিত্বের জন্য বিমানবাহিনী প্রধানের ট্রফি লাভ করেন। ১০ জন ফ্লাইট ক্যাডেটসহ মোট ৩৩ জন ফ্লাইট ক্যাডেট এবার বিমান বাহিনীর কমিশন লাভ করেছেন। ফ্লাইট ক্যাডেট উইং আন্ডার অফিসার তারেক জাহান সাগর আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিচালনা করেন। যশোরকে বিশেষ অঞ্চল করা হবে বিকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভবন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যশোরকে বিশেষ অঞ্চলে পরিণত করার ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষা-সংস্কৃতি, মৎস্য চাষ, কৃষি উৎপাদনের ক্ষেত্রে যশোর সমৃদ্ধ। মাইকেল মধুসূদন দত্ত, এসএম সুলতান, মুন্সী মেহেরুল্লাহসহ দুই বীর শ্রেষ্ঠ'র স্মৃতি বিজড়িত এই যশোরের মাটি। এসব বিবেচনায় বর্তমান সরকার যশোরকে অধিক গুরুত্ব দিয়ে আসছে। প্রধামন্ত্রী বলেন, এ অঞ্চলে উৎপাদিত সবজি প্রক্রিয়া ও সুষ্ঠুভাবে বাজারজাতকরণের লক্ষ্যে গড়ে তোলা হবে স্টোরেজ ব্যবস্থা। এতে চাষিরা আর্থিকভাবে আরো বেশি লাভবান হবে। এক্ষেত্রে বেকার যুবকদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। বর্তমান সরকার বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারিগরি শিক্ষার প্রতিও বিশেষ নজর দিয়েছে, যাতে শিক্ষাজীবন শেষে ছেলেমেয়েরা সহজেই ক্যারিয়ার গড়তে পারে। যুগোপযোগী বিজ্ঞানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করে তিনি গবেষণাকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান জানান। প্রধানমন্ত্রী কপোতাক্ষ ও ভৈরব নদ খননের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। এছাড়া তিনি যশোরে আইটি পার্ক স্থাপন, বেনাপোল স্থলবন্দরকে বহুমুখীকরণ, সম্প্রসারণ ও যানজট নিরসনে মণিরামপুর-অভয়নগর বাইপাস নির্মাণের ঘোষণা দেন। রেণুপোনা উৎপাদনে যশোরের সাফল্যের কথা তুলে ধরে তিনি এ খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান উদ্যোক্তাদের প্রতি। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জামাল হোসেন। প্রধানমন্ত্রী যশোর বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনসহ দু'টি আবাসিক হল উদ্বোধন করেন। এর আগে দুপুরে তিনি যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিতি ভবন উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৯২৯ ঘ.