চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে চোরাই পোশাকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে নগরীর পাহাড়তলী থানা এলাকার নয়াবাজার মোড় থেকে কাভার্ড ভ্যান ভর্তি তৈরি পোশাকসহ তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় দুটি মোটর সাইকেল আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চোরাকারবারী চক্রটি এসব পোশাক বিক্রির জন্য কাভার্ড ভ্যানে করে ঢাকা নিয়ে যাচ্ছিল। পালিয়ে যাবার সময় তাদের গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তারকৃতরা হল জুয়েল জমাদ্দার (৩০), মো. মঞ্জু (৩৫), আনোয়ার হোসেন (৩৮), মামুনুজ্জামান (৩৪), শামছুল আলম (৩৫), জয়নুল আলম বিল্পব (৩২), মো. মুন্না (৩০) ও মো. জাহেদ (৩০)।
কাভার্ড ভ্যান থেকে ৩৫১ কার্টন জিন্স প্যান্ট আটক করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ কমিশনার বলেন, "ঢাকার সাভারের কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ এর এসব পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য চট্টগ্রাম এমএপিএল পোর্ট কন্টেইনার ডিপোতে রাখা হয়েছিল।
"কন্টেইনার ডিপো থেকে পোশাকগুলো জাহাজে উঠানোর জন্য পাঠানো হলে চোরকারবারীরা চালকের সঙ্গে যোগসাজসে কন্টেইনার ভেঙ্গে তা একটি কাভার্ড ভ্যানে তুলে নেয়।"
তিনি জানান, কন্টেইনারে রাখা কার্টনগুলো থেকে তারা কিছু কিছু পোশাক সরিয়ে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেবি/কেএমএস/২০২২ ঘ.
bdnews24