ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে ট্রাইবুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধে অভিযুক্ত কাউকে গ্রেপ্তারের দায়িত্ব ট্রাইব্যুনালের নয়। প্রসিকিউটরদের আবেদনের ভিত্তিতে ট্রাইবুনাল এ বিষয়ে বিচারিক সিদ্ধান্ত দিয়ে থাকে।
"একইভাবে তদন্ত কাজ তদারকি করে তদন্ত সংস্থা। এ বিষয়ে ট্রাইব্যুনালের হস্তক্ষেপ করার সুযোগ নেই। অথচ একটি পত্রিকায় প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কাজের সঙ্গে ট্রাইবুনালকে তুলনা করা হয়েছে।"
বৃহস্পতিবার ট্রাইবুনাল সম্পর্কে একটি বাংলা দৈনিকে প্রকাশিত প্রতিবেদন বিষয়ে পুরানো হাইকোর্ট ভবনে তার কার্যালয়ে ট্রাইবুনালের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন রেজিস্ট্রার শাহীনূর।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত ওই বাংলা দৈনিকের প্রতিবেদনে বলা হয়, "...গ্রেপ্তারের বাইরে থাকা চারজন সন্দেহভাজন যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের জন্য ট্রাইব্যুনাল ও সরকারের শীর্ষ পর্যায় থেকে গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছে। গোয়েন্দারা শুধু সিগন্যাল বাস্তবায়নের প্রহর গুনছে..."
ট্রাইবুনাল রেজিস্ট্রার বলেন, "এর মাধ্যমে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। গণমাধ্যমে এমন প্রতিবেদন, কারো উক্তি কিংবা এমন মন্তব্য প্রকাশ করা উচিত নয় যাতে ট্রাইবুনাল প্রশ্নবিদ্ধ হয়।"
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইনের কয়েকটি ধারা উল্লেখ করে শাহীনুর ইসলাম বলেন, "এ আইনের ৩ (২) ধারায় বর্ণিত অপরাধগুলো বিচারের জন্য ৬ (১) ধারা অনুযায়ী ট্রাইবুনাল গঠিত হয়েছে। অন্যদিকে ৭ (১) ধারায় প্রসিকিউটর প্যানেল এবং ৮ (১) ধারা অনুসারে তদন্ত সংস্থার কার্যক্রম ট্রাইবুনালের অধীনে পরিচালিত হয়।"
তিনি অভিযোগ করেন, "ট্রাইবুনালের কার্যক্রম ও কর্মপরিধি নিয়ে গণমাধ্যমের একটি অংশে যেসব তথ্য ও বক্তব্য প্রকাশিত হচ্ছে তা আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।"
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একাত্তরের যুদ্ধাপরাধে বিচারের উদ্যোগ নেয়। তাদের নির্বাচনী ইশতেহারেও বিষয়টি ছিল অন্যতম। গত ২৫ মার্চ ট্রাইবুনাল, প্রসিকিউটর প্যানেল ও তদন্ত সংস্থা গঠিত হওয়ার পর জামায়াত ইসলামী ও বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৯১৮ ঘ.
bdnews24