২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মেয়র প্রার্থী এখন একজন

পিরোজপুর পৌরসভায় মেয়র পদে আর প্রার্থী না থাকায় মো. হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 09:33 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

পিরোজপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর পৌরসভায় মেয়র পদে আর প্রার্থী না থাকায় মো. হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। আওয়ামী লীগের নেতা হাবিবুর পৌরসভার বর্তমান মেয়র। তার মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হান্নান খান। মেয়র পদে হাবিবুরের পাশাপাশি মনোনয়নপত্র দাখিল করেছিলেন বিএনপি সমর্থিত নাসিম উদ্দিন খান ও যুবলীগ নেতা আক্তারুজ্জামান মানিক। দল থেকে হাবিবুরকে প্রার্থী করায় মানিক মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অন্যদিকে তথ্য গোপনের অভিযোগে নাসিমের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়। এর বিরুদ্ধে নাসিম আপিল করলে ২৫ ডিসেম্বর জেলা প্রশাসক রুহুল আমীন শুনানির পর সে আবেদনও খারিজ করেন। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র পদে এখন একমাত্র বৈধ প্রার্থী হাবিবুর রহমান মালেক। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন কিনা- জানতে চাওয়া হলে বিএনপি সমর্থিত নাসিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। দলে আলোচনার পর সিদ্ধান্ত নেবো।" পিরোজপুরে পৌর নির্বাচনে ভোট হবে আগামী ১৩ জানুয়ারি। কাউন্সিলর পদে এখন ৪২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.