২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ভূমি বিষয়ক বিচারিক সভা বাতিল দাবি

ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের আহ্বান করা বিচারিক সভা বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের আহ্বান করা বিচারিক সভা বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)। শনিবার সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। ভূমি বিরোধ সংক্রান্ত আবেদনের বিষয় নিষ্পত্তির জন্য আগামী সোমবার থেকে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী বিচারিক সভার আয়োজন করেছে ভূমি কমিশন। পিসিজেএসএস'র বিবৃতিতে বলা হয়, বিরোধপূর্ণ ভূমির আবেদনপত্র বিচারে আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর যে বিচারিক সভা আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে তা অবৈধ, উদ্দেশ্যপ্রণোদিত ও স্বেচ্ছাচারী। এতে বলা হয়, যারা পাহাড়ীদের জায়গা-জমি দখল করেছে সেইসব বাঙালির কাছ থেকেও ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অব.) খাদেমুল ইসলাম চৌধুরী পার্বত্যবাসী ও দেশের নাগরিক সমাজের মতামত উপেক্ষা করে বিধিবহির্ভূত কার্যকলাপ চালাচ্ছেন। কমিশনের সিদ্ধান্ত ছাড়াই তিনি পার্বত্য শান্তি চুক্তি পরিপন্থী ভূমি জরিপ ঘোষণা, ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদনপত্র আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করাসহ জেলা কমিশন নামে ভূমি কমিশনকে বিভক্ত করেছেন বলেও অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, গত ১০ অক্টোবর ভূমি বিরোধ নিষ্পত্তির কাজ শুরুর আগে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ এর ২৩টি বিরোধপূর্ণ ধারা সংশোধনের সিদ্ধান্ত হয়। রাঙামাটিতে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি ও ভূমি জরিপ শীর্ষক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আইনের সংশোধন ও কমিশনের বিধিমালা প্রণীত হয়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য দাখিল করা আবেদনে বিচার কাজ শুরু করা গ্রহণযোগ্য হতে পারে না। পিসিজেএএস'র ওই বিবৃতিতে পাঁচ দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রস্তাব অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ জরুরী ভিত্তিতে সংশোধন, কমিশনের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, চেয়ারম্যান ঘোষিত ভূমি জরিপসহ বিধি ও পদ্ধতি বহির্ভূত সব সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৮৪৮ ঘ.