ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ট্রেন দুর্ঘটনার জন্য চট্টলা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন- চট্টলা এক্সপ্রেসের চালক রফিক উদ্দিন, সহকারী চালক মইন উদ্দীন ও পরিচালক (গার্ড) ইসমাইল মিয়া।
শুক্রবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এ দুর্ঘটনার জন্য চট্টলা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও পরিচালককে (গার্ড) দায়ী করে রেলওয়ে গত ১৪ ডিসেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। বাংলাদেশ পুর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধাকে প্রধান করে দুর্ঘটনার দিনই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
রেলওয়ের মহাপরিচালক বলেন, "তদন্ত কমিটির এই প্রতিবেদনের ভিত্তিতে এই তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।"
কমিটি তাদের প্রতিবেদনে আটটি সুপারিশ বাস্তবায়নের কথাও উল্লেখ করেছে। ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৪৪ জন আহত হয় বলে প্রতিবেদনে বলা হয়।
এর আগে অবশ্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সংসদে বলেন, ওই ট্রেন দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। আহত হয় আরো ২৯ জন।
৮ ডিসেম্বর বিকালে নরসিংদী রেল স্টেশনে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর গোধূলি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪ জন নিহত হওয়ার খবর স্থানীয় সূত্রগুলো জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএইচসি/এইচএ/২১১৯ ঘ.
bdnews24