২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া নকল ঔষধের কারখানা

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর সুহিলপুরে নকল ঔষধ তৈরির কারখানা খুঁজে পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 11:57 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর সুহিলপুরে নকল ঔষধ তৈরির কারখানা খুঁজে পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে আদালত কারখানাটিতে অভিযান চালায়। উদ্ধার করা হয় বিপুল পরিমান নকল ঔষধ ও কাঁচামাল। আদালত যন্ত্রপাতি জব্দ করে কারখানাটি সিলগালা করে দিয়েছে। ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, র‌্যাব ও পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ঔষধ, কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। অভিযানের আগেই কারখানা মালিক ডা. এম এ সাদেক পালিয়ে যান। এ ব্যাপারে সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট কামরুল। সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক মুন্সী জানান, সুহিলপুর পেট্রোল পাম্পের পাশে আব্দুর রশিদের মালিকানাধীন বাড়ির চারটি কক্ষ ভাড়া নিয়ে কারখানাটি করা হয়। এখানে যে নকল ঔষধ তৈরি করা হয় তা কেউ জানতো না। র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প কমান্ডার শেখ মোহাম্মদ আলী জানান, কারখানাটিতে এডিসি হারবাল নামে ঢাকার একটি ঔষধ কোম্পানির ঔষধ নকল করে বাজারজাত করা হতো। তিনি জানান, কারখানা মালিক ডা. এম এ সাদেককে আটকের চেষ্টা চলছে। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা সাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. খোকন দেবনাথ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.